মেসিদের ‘বিদায়’ বললেন গার্দিওলা
শুরুটাই হয়েছিল একটা বিস্ময় দিয়ে। কোথায় ফ্রাঙ্ক রাইকার্ড আর কোথায় তিনি! সবাইকে চমকে দিয়ে রাইকার্ডের জায়গায় বার্সেলোনার কোচ হিসেবে তাঁর নামই ঘোষণা করেছিলেন সে সময়ের ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা। গত চার বছরে একের পর এক সাফল্য দিয়ে পেপ গার্দিওলা চমকে দিয়েছেন ফুটবল বিশ্বকে। বিদায়ও নিলেন অনেকটা চমকে দিয়েই। কাল বার্সেলোনায় এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বার্সা কোচের পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেন গার্দিওলা। শিগগিরই শেষ হয়ে যাচ্ছে ক্লাবের সঙ্গে তাঁর চুক্তি। বর্তমান প্রেসিডেন্টের অনেক অনুরোধের পরও চুক্তি নবায়ন করছেন না ৪১ বছর বয়সী সাবেক স্প্যানিশ মিডফিল্ডার।চার মৌসুমে বার্সাকে ১৩টি শিরোপা জিতিয়েছেন। এই মৌসুমের শুরুটাও হয়েছিল স্প্যানিশ সুপার কাপ আর উয়েফা সুপার কাপ জিতে। জিতেছেন ক্লাব বিশ্বকাপও। যদিও দৌড়ের শেষ প্রান্তে এসে চ্যাম্পিয়নস লিগের শিরোপা হাতছাড়া করেছেন। স্প্যানিশ লিগ শিরোপাও যে বার্সার কাছে থাকছে না মোটামুটি নিশ্চিত। তবে এই মৌসুমে না পারলেই যে গার্দিওলায় আস্থা চলে যাবে, ব্যাপারটি তেমন ছিল না। বরং পরশু সভাপতি স্যান্দ্রো রসেলের সঙ্গে তিন ঘণ্টার দীর্ঘ বৈঠকে তাঁকে বারবার অনুরোধ করা হয়েছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার। কিন্তু গার্দিওলা মনে করেছেন, দলের জন্য এবং নিজের জন্য এখন সরে যাওয়াই সবচেয়ে ভালো।‘গত কয়েক সপ্তাহে আমার থাকা না-থাকা নিয়ে যেসব বিভ্রান্তি তৈরি হয়েছে, এর জন্য আমি দুঃখিত। আমি সব সময়ই সংক্ষিপ্ত মেয়াদের চুক্তিই চেয়েছি। কারণ, বার্সেলোনায় প্রত্যাশার চাপটা অনেক বেশি। এখন আমরা মূল দুটো প্রতিযোগিতা থেকে ছিটকে গেছি। আমার সরে যাওয়ার ঘোষণা দেওয়ার এটাই সবচেয়ে ভালো সময়।’ কাল সংবাদ সম্মেলনে বলেছেন পেপ।পদত্যাগের কারণ হিসেবে দুটো ব্যাখ্যা দিয়েছেন। বার্সা কোচের দায়িত্ব প্রতিনিয়ত তাঁকে ভীষণ চাপে রেখেছে, যা ঠিকঠাক সামলাতে পারছিলেন না। দ্বিতীয়ত, চার বছর পর এসে মনে হয়েছে, এখন পরিবর্তন দরকার। নতুন কিছু আর দেওয়ার নেই তাঁর, ‘মনে হচ্ছে, ভেতরের সব প্রাণশক্তি কেউ শুষে নিয়েছে। আমাকে তাই নতুন করে তরতাজা হয়ে উঠতে হবে। সরে যাওয়ার কারণ একেবারেই সোজা—চার বছরে আসলে সবাই ক্লান্ত। নতুন কোচ এখন নতুন ধারণা নিয়ে আসবেন। আমি আর কিছু দিতে পারছিলাম না।’সংবাদ সম্মেলনেও ক্লান্ত দেখাচ্ছিল সাদা শার্টের ওপর ছাই রঙা সোয়েটার চাপিয়ে উপস্থিত গার্দিওলাকে। গত চারটি বছর বার্সা তাদের ইতিহাসে সবচেয়ে রঙিন হয়েছে। আর নেপথ্য কারিগর হিসেবে গার্দিওলা সব সময় নিজেকে যথাসম্ভব আলোর বাইরে রেখেছেন। তাঁর সময়টাতেই নিজেকে সর্বকালের অন্যতম সেরার কাতারে নিয়ে গেছেন লিওনেল মেসি। ২০০৯ সালে এক বছরে ছয়টি ক্লাব টুর্নামেন্টের সব কটির শিরোপা জেতার একমাত্র রেকর্ডও গড়েছে বার্সা। গড়ে উঠেছিল বার্সার দ্বিতীয় স্বপ্নের দল। ধারণা করা হচ্ছিল, সামনে আরও অনেক সাফল্যই আসবে। কিন্তু নিজের পথটাকে আলাদা করে নিলেন বার্সারই প্রথম ‘ড্রিম টিমে’র এই মিডফিল্ডার, ‘আমি খুবই দুঃখিত যে প্রাণশক্তি আমি হারিয়ে ফেলেছি। শুরুর সেই উচ্ছ্বাস উত্তেজনা না থাকার পরও কাজ করে গেলে সেটি হতো নিজের সঙ্গে প্রতারণা। আগেই বুঝতে পেরেছিলাম, এটাই আমার শেষ মৌসুম।’সংবাদ সম্মেলনে কাল পাশেই ছিলেন রসেল। গার্দিওলাকে ক্লাবের ইতিহাসে সর্বকালের সেরা আখ্যা দিয়ে বলেছেন, ‘একটি ফুটবল মডেলকে নিখুঁত করে তোলায় পেপ আপনাকে ধন্যবাদ। ক্লাব ইতিহাসের সর্বকালের সেরা কোচের প্রতি সব সমর্থকের পূর্ণ কৃতজ্ঞতা আজীবন থাকবে। আপনি যে ধারা রেখে গেলেন, আশা করি, আমরা তা ধরে রাখব। আপনার রেখে যাওয়া এই খেলার ধরনটিকে আমরা “পেপ সিস্টেম” নামে আজীবন মনে রাখব।’খেলোয়াড়দেরও অনেকে এসেছিলেন সংবাদ সম্মেলনে। যদিও তাঁদের মধ্যে ছিলেন না সবচেয়ে কাছের শিষ্যটিই। পরে এক বার্তায় মেসি বলেছেন, ‘আমার ব্যক্তিগত ও পেশাদার জীবনে পেপের যত অবদান, এর জন্য হূদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা জানাই। আমি এতটাই আবেগে ভেসে যাচ্ছি যে, আমার এই চেহারা সংবাদ সম্মেলনে দেখাতে চাই না। কারণ জানি, খেলোয়াড়দের কান্নামাখা মুখ খুঁজবে ক্যামেরা। কিন্তু সেই চেহারা আমি দেখাতে চাই না।’চেলসি, এসি মিলান, ইন্টার মিলান, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যান সিটি থেকে শুরু করে ইংল্যান্ডের ভাবি কোচ হিসেবে উঠে আসছে তাঁর নাম। আপাতত গার্দিওলার লক্ষ্য লিগের শেষ চারটি ম্যাচ আর কোপা ডেল রের ফাইনাল। এরপর লম্বা ছুটি। ২৫ মে কাপের ফাইনালটিই হবে বার্সার হয়ে শেষ ম্যাচ। এএফপি, রয়টার্স।