মেসিদের ‘লাপাজ’ চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর আগের সেই দুঃস্মৃতি তাড়িয়ে বেড়ায় এখনো। সেই ম্যাচের কথা মনে হলে বিচলিত হন এখনো। আজ বলিভিয়ার বিপক্ষে সেই লাপাজে মুখোমুখি হওয়ার আগে লিওনেল মেসি তাই সতর্ক। শঙ্কিতও।১০ ম্যাচ শেষে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে বলিভিয়া পড়ে আছে পয়েন্ট তালিকার নিচের থেকে দুই নম্বরে। সাদা চোখে তাই বলিভিয়া আর্জেন্টিনার জন্য হুমকি নয়। কিন্তু শঙ্কার মেঘ উড়ে এসে মেসিদের কাবু করছে ঠিকই। বলিভিয়ার চেয়েও মেসিদের আজ বড় প্রতিপক্ষ যে লাপাজের আবহাওয়া। ম্যাচের ভেন্যু লাপাজের হার্নান্দো সাইলেস স্টেডিয়াম সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার মিটার উঁচুতে। যেখানে গিয়ে ২০০৯ সালে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ডিয়েগো ম্যারাডোনার দল হেরেছিল ৬-১ গোলে। ওই ম্যাচের পর ম্যারাডোনা বলেছিলেন, ‘বলিভিয়ার প্রতিটা গোল আমার বুকে বিঁধছিল। ম্যাচের আগে আমরা যদি দুঃস্বপ্নেও দেখতাম এমনটা ঘটতে যাচ্ছে, তাহলেও আমরা ভাবতাম এটা অসম্ভব।’ মাঠের যোদ্ধা হিসেবে মেসির কাছে স্মৃতিটা আরও বেশি যন্ত্রণার। আরেকবার সেই লাপাজ-যাত্রার আগে বার্সেলোনার ফরোয়ার্ড তাই বলছেন, ‘সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতার কারণে বলিভিয়ার ম্যাচটা অবশ্যই কঠিন হতে যাচ্ছে। শেষবার সেখানে গিয়ে খুবই বাজে স্মৃতি আছে আমার। বলের বাউন্স বোঝাটা কঠিন এবং নিঃশ্বাস নিতেও কষ্ট হয়।’ লাপাজে আর্জেন্টাইনদের অন্য রকম একটা স্মৃতিও আছে। যাতে মিশে আছে সুখ-দুঃখ দুটিই। ১৯৭৩ সালে আর্জেন্টিনার সেই সময়কার কোচ এনরিক ওমর সিভোরি একটা জুয়া খেলেছিলেন। আর্জেন্টিনার নিয়মিত দলকে রেখে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে বলিভিয়ায় নিয়ে গিয়েছিলেন দ্বিতীয় সারির দল। যাদের বলা হতো ‘ভুতুড়ে দল’। ফাটকাটা কাজেও লেগেছিল। অস্কার ফোরনারির গোলে সিভোরির দল জিতেছিল ১-০ গোলে। সেবার বলিভিয়ানরা অনেকভাবেই অসহযোগিতা করেছিল আর্জেন্টাইনদের। সফরকারীদের ঠিকমতো খাবারের ব্যবস্থা পর্যন্ত করা হয়নি।আর্জেন্টিনার বর্তমান কোচের অবশ্য ‘ভুতুড়ে’ কিছুতে বিশ্বাস নেই। তিনি চ্যালেঞ্জটা জিততে চান সেরাদের নিয়েই। যদিও ভেনেজুয়েলার বিপক্ষে আগের ম্যাচে জোড়া গোল করা গঞ্জালো হিগুয়েইনকে আজ পাচ্ছেন না আর্জেন্টাইন কোচ। রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার খেলতে পারছেন না নিষেধাজ্ঞার কারণে। বাকিদের নিয়েই বলিভিয়া ‘গেরোটা’ খুলতে চান সাবেলা। বলিভিয়া আসলেই আর্জেন্টাইনদের জন্য যেন একটা ‘গেরো’। ২০০৯ সালের ওই ম্যাচের পর আর্জেন্টিনা দুবার নিজেদের মাটিতে বলিভিয়ার মুখোমুখি হয়েছে, ২০১১ কোপা আমেরিকায় ও গত বছর বিশ্বকাপ বাছাইপর্বে। দুবারই বলিভিয়া মাঠ ছেড়েছে ১-১ গোলের ড্র নিয়ে। আজও কি তেমন কিছুই অপেক্ষা করছে?দক্ষিণ আমেরিকা অঞ্চলে আজ ম্যাচ আছে আরও তিনটি। আগের ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হারা ভেনেজুয়েলার প্রতিপক্ষ দ্বিতীয় স্থানে থাকা কলম্বিয়া। শুক্রবার যারা বলিভিয়াকে হারিয়েছে ৫-০ গোলে। ১৭ পয়েন্ট নিয়ে তিনে থাকা ইকুয়েডর আতিথ্যে দেবে সবার নিচের দল প্যারাগুয়েকে। চার নম্বরে থাকা উরুগুয়ে যাবে চিলির মাঠে। এএফপি, রয়টার্স।