মেসিনির্ভর আর্জেন্টিনা
সকাল থেকেই আর্জেন্টাইন টেলিভিশনগুলো বুলেটিন প্রকাশ করছিল—কিছুক্ষণের মধ্যেই প্রাথমিক দল জানা যাবে। আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন জানিয়েছিল, দল ঘোষণামাত্রই ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কিন্তু দুপুর নাগাদ হঠাৎ জানিয়ে দেওয়া হলো, কারিগরি সমস্যায় অনলাইনে দল ঘোষণা করা যাচ্ছে না।টেলিভিশন, সংবাদপত্রের সাংবাদিকদের ভিড় জমে গেল আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনে। অপেক্ষার পালা শেষ হয় একেবারে সন্ধ্যায়। সাংবাদিকদের হাতে ধরিয়ে দেওয়া হলো আর্জেন্টিনার প্রাথমিক বিশ্বকাপ দল। বিস্মিত ও ক্ষুব্ধ অনেকেই চিৎকার করে উঠলেন, ‘জানেত্তি, ক্যাম্বিয়াসো নেই!’ প্রশ্নের পিঠে প্রশ্ন উঠল। ম্যারাডোনা কোনো কথার উত্তর না দিয়ে শুধু মৃদু হেসে বললেন, ‘তালিকাটি আমার একেবারেই সন্দেহের ঊর্ধে। ’নিজের হাতে গড়া দল নিয়ে কারোরই সন্দেহ থাকে না। কিন্তু আর্জেন্টিনার প্রাথমিক দল দেখে দুনিয়াজুড়ে ফুটবল-পণ্ডিতেরা ঘোর সংশয়ে পড়ে গেছেন—এটাও কি ম্যারাডোনার আরেক প্রস্থ খামখেয়ালিপনা!সংশয়ের প্রধান কারণ, ইন্টার মিলান অধিনায়ক হ্যাভিয়ের জানেত্তির না থাকা। মেসিকে বোতলবন্দী করা ইন্টারের রক্ষণ সামলানো এবং আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা জানেত্তিকে আর্জেন্টিনার এবারের বিশ্বকাপ অভিযানে খুবই দরকার ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জানেত্তির মতোই আলোচিত ইন্টারের আরেক তারকা এস্তেবান ক্যাম্বিয়াসো, রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ফার্নান্দো গ্যাগো এবং বার্সেলোনার সেন্ট্রাল ডিফেন্ডার গ্যাব্রিয়েল মিলিতোর বাদ পড়াও। আলোচনা করে লাভ নেই। কারণ দল ঘোষণা হয়ে গেছে এবং এই দলের আক্রমণভাগে অন্তত কোনো বিস্ময় উপহার দেননি ম্যারাডোনা। যথারীতি লিওনেল মেসির সঙ্গে গঞ্জালো হিগুয়েইন, কার্লোস তেভেজ, ডিয়েগো মিলিতোরা আছেন। আছেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে ম্যারাডোনার আস্থার প্রতিদান দিতে থাকা বোকা জুনিয়র্সের মার্টিন পালের্মোও। ফর্ম-খরায় ভুগতে থাকা ‘জামাতা’ সার্জিও আগুয়েরোরও ঠাঁই হয়েছে। ম্যারাডোনার এই ৩০ সদস্যের দলে অনুমিতভাবেই প্রাধান্য পেয়েছেন আর্জেন্টাইন লিগে খেলা খেলোয়াড়েরা। এই দলে থাকা আর্জেন্টিনার ১০ জন ‘স্থানীয়’-এর মধ্যে অভিজ্ঞ হুয়ান সেবাস্তিয়ান ভেরন, পালের্মোও যেমন আছেন। তেমনই ২-৩ আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা নিয়ে আছেন ডিয়েগো পোজো, হুয়ান ইনসরালদে, সেবাস্তিয়ান ব্ল্যাঙ্কো, আরিয়েল গ্রেস, জেসাস দাতোলো, হুয়ান মার্সিয়েরের মতো খেলোয়াড়েরাও! আছেন আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের অপেক্ষায় থাকা ইতালিয়ান ক্লাব পালের্মোর হাভিয়ের পাস্তোরো।অবশ্য এসব জেনে হতাশ আপনি নাও হতে পারেন। কারণ গত বিশ্বকাপ খেলা ৯ জন খেলোয়াড় আছেন দলে। ডিফেন্সে ওয়াল্টার স্যামুয়েল, গ্যাব্রিয়েল হেইঞ্জ, বুরদিসো বা কোলোচ্চিনির মতো অভিজ্ঞরা। এঁদের ভরসাতেই কি না এবার বিশ্বকাপে রক্ষণটাকে শক্ত করে গড়তে চান ম্যারাডোনা। দল ঘোষণার আগে সাংবাদিকদের সেই পরিকল্পনার কথা বললেন। জানিয়ে দিলেন, এবার বিশ্বকাপে আর্জেন্টিনা খেলবে এক মেসিকে কেন্দ্র করেই, ‘চারজন সেন্টার ব্যাক দিয়ে ডিফেন্স করব। ডিফেন্স থেকেও আক্রমণে ওঠার দরকার হলে ফুলব্যাক থাকবে। আমি মেসিকে লাইনে (ডান উইং) আটকে রাখতে চাই না। সব বলই ওকে উদ্দেশ্য করে দেওয়া হবে।’সব দায় তাহলে চাপিয়ে দেওয়া হলো মেসির কাঁধেই! এএফপি, রয়টার্স।আর্জেন্টিনার প্রাথমিক দলগোলরক্ষক: সার্জিও রোমেরো, মারিয়ানো আন্দুজার, ডিয়েগো পোজো। ডিফেন্ডার: নিকোলাস ওটামেন্ডি, মার্টিন ডেমিচেলিস, ওয়াল্টার স্যামুয়েল, গ্যাব্রিয়েল হেইঞ্জ, নিকোলাস বুরদিসো, ক্লেমেন্তে রদ্রিগেজ, হুয়ান ইনসরালদে, আরিয়েল গ্রেস, ফ্যাব্রিসিও কোলোচ্চিনি।মিডফিল্ডার: হোনাস গুতিয়েরেজ, ম্যাক্সি রদ্রিগেজ, হাভিয়ের মাচেরানো, হুয়ান সেবাস্তিয়ান ভেরন, হোসে সোসা, অ্যাঙ্গেল ডি মারিয়া, হুয়ান মার্সিয়ের, হাভিয়ের পাস্তেরো, মারিও বোলাত্তি, জেসাস দাতোলো, সেবাস্তিয়ান ব্লাঙ্কো।আক্রমণভাগ: লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েইন, মার্টিন পালের্মো, সার্জিও আগুয়েরো, ডিয়েগো মিলিতো, কার্লোস তেভেজ, ইজেকুয়েল লাভেজ্জি।