মেসিমুগ্ধ গার্দিওলা
লিওনেল মেসি কি রেসের ঘোড়া? যখন দরকার, তখনই বাজির পক্ষে দৌড়াবেন তিনি! কখনো কখনো নিজের মনুষ্য-মূর্তি প্রমাণের জন্যই কি না, এই বিস্ময়-বালকও ফর্ম হারান। আড়ষ্ট থাকেন মাঠে, গোল পান না। তাই বলে ‘গেল’ ‘গেল’ রব উঠে যাওয়াটা তাঁর মতো খেলোয়াড়ের জন্য একটু অবিচারই। অবশ্য কয়েকটি ম্যাচে একটু ‘অফ’ থেকে আবার স্বমূর্তিতে ফিরেছেন এই আর্জেন্টাইন প্লে-মেকার। স্প্যানিশ লিগের শেষ ম্যাচে হ্যাটট্রিক করার পর চ্যাম্পিয়ন্স লিগের খেলায় আরও একটি হ্যাটট্রিক ঝুলিতে পুড়েছেন ফিফার বর্ষসেরা এই ফুটবলার। তাঁর দুর্দান্ত পারফরমেন্সের ফলে ভিক্টোরিয়া প্লেজেনকে চার গোলে উড়িয়ে দিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ফেলেছে বার্সা।মেসির এই পারফরম্যান্স তৃপ্তি দিয়েছে কোচ পেপ গার্দিওলাকে। তিনি বলেছেন, ‘এই ম্যাচ জিতে আমরা পরের রাউন্ডে উঠে গেছি। এসি মিলানের সঙ্গে পরের ম্যাচটি যে শক্ত হবে, তা বলার অপেক্ষা রাখে না। সেই ম্যাচে জিতেই আমরা এগিয়ে যাব।’একের পর এক গোল করে খুব দ্রুতই বার্সেলোনার সর্বোচ্চ গোলদাতার আসনটা দখলের দিকে এগিয়ে যাচ্ছেন মেসি। আর মাত্র ৩৩টি গোল করলেই সিজার রদ্রিগেজের ২৩৫ গোলের রেকর্ডটা ভেঙে দেবেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। মাত্র ২৪ বছর বয়সেই এতগুলো গোল রীতিমতো বিস্মিতই করেছে গার্দিওলাকে। মেসির ভূয়সী প্রশংসা করে বার্সা কোচ বলেছেন, ‘আমাদের অবশ্যই মেসিকে অভিনন্দন জানাতে হবে। আবারও সে গোল করা শুরু করেছে। মাত্র ২৪ বছর বয়সেই সে বার্সার পক্ষে ২০২টি গোল করেছে। এটা সত্যিই বিস্ময়কর। আমি নিশ্চিত যে সে সিজার রদ্রিগেজের রেকর্ডটা ভাঙতে পারবে। তবে সেটা এই মৌসুমেই হবে কিনা, তা এখনো বলা যাচ্ছে না।’ ইএসপিএন।