মেসিময় জয়ে বার্সার প্রথম শিরোপা
সান্তা ফে, বুয়েনস এইরেসের মাঠে মাস খানেক আগে ঠিক এই লোকটিই ছিল তো? কোপা আমেরিকায় আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি গায়ে! না, মানুষটা বদলে যায়নি। সেই লিওনেল মেসি। কিন্তু বার্সেলোনার নীল-মেরুন গায়ে তুলেই কেমন একটা বিভ্রম জাগিয়ে তোলেন চোখে। আবার পায়ে এসে গেছে জাদুকরি ড্রিবলিং, সেই বাতাস কেটে দৌড়, পায়ে অন্য গ্রহের ছোঁয়া। কারণ, পাশে পেয়ে গেছেন জাভি-ইনিয়েস্তাকে, নতুন পাওয়া লা মাসিয়া সতীর্থ ফ্যাব্রিগাসের সঙ্গ। পরশু মেসি-জাদুতেই মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্প্যানিশ সুপার কাপটা জিতেই শুরু করল বার্সেলোনা। সেটিও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৩-২ (দুই লেগ মিলে ৫-৪) গোলে হারিয়ে। জোড়া গোল করেছেন মেসি। আন্দ্রেস ইনিয়েস্তার করা ম্যাচের প্রথম গোলটিও তাঁর দুর্দান্ত ডিফেন্স-চেরা এক পাস থেকেই। ক্যাসিয়াস সেভ না করলে আরও গোটা দুয়েক গোল হয়ে যায় মেসির। মোটামুটি কথা, মেসিময় জয়। কোচ গার্দিওলার অধীনে একাদশ শিরোপা ঘরে তুলল বার্সেলোনা। ম্যাচ শেষে হোসে মরিনহো যতই বলুন ‘সুপার কাপ অগুরুত্বপূর্ণ ছোট একটা ট্রফি, এতে জয়-পরাজয়ে কিছুই আসে-যায় না’, বাস্তবতা অন্য রকম। এই জয় গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক দিক দিয়েও। বার্সা যে ভিনগ্রহের কোনো দল নয়, সেই বার্তা লিগের বাকি দলগুলোর কাছেও পৌঁছে দেওয়া ভীষণভাবে দরকার ছিল।শুরুটা তারা সে রকমই করেছে। গত নভেম্বরে এই মাঠেই যে বার্সার কাছে ৫-০ গোলে লাঞ্ছিত হয়েছিল, সেই স্মৃতি ভালোভাবে মনে রেখেই রিয়াল নেমেছিল প্রতিশোধস্পৃহায়। প্রথম ১২ মিনিটে বেশ কবার বার্সার রক্ষণভাগের চিড়টা দেখিয়ে দিয়েছিল। প্রাক-মৌসুম সফরে দুই দলের দুই রকম পারফরম্যান্সের প্রতিচ্ছবিও দেখা যাচ্ছিল মাঝেমধ্যেই।বার্সার পুরো ছন্দে ফিরতে হয়তো সময় লাগবে, কিন্তু পরশু মাঝেমধ্যেই জাদুকরি মুহূর্ত তৈরি হচ্ছিল। আর সেই তিন-চারটা ‘বার্সা-সুলভ’ মুহূর্তই সর্বনাশ করেছে রিয়ালের।প্রথম গোলটি যেমন। মেসির সঙ্গে ইনিয়েস্তা-জাভিদের বোঝাপড়ার প্রামাণ্যচিত্র হয়ে থাকল। মাঝমাঠের একটু ওপরে বল পেয়ে মেসি রিয়ালের ডিফেন্স-চিরে এমনভাবে ঠেলে দিলেন, পেপেরা পেছনে পড়ে গেলেন ইনিয়েস্তার। ইকার ক্যাসিয়াসের মাথার ওপর দিয়ে বল পাঠিয়ে দিলেন জালে। ইনিয়েস্তার ১৪ মিনিটের গোলে এগিয়ে গেল বার্সা।এই গোলে বার্সা পায় ছন্দ। যদিও দুর্দান্ত গতির সঙ্গে পাল্টা আক্রমণে বার্সার পাসিং ফুটবলে ছন্দপতন ঘটাচ্ছিল রিয়াল। বেশ বোঝা গেছে এবার অঙ্ক কষেই মাঠে নেমেছেন মরিনহো। পাঁচ মিনিট পরে গোলটা শোধ করে দেয় রিয়াল। গোলদাতা রোনালদো। ন্যু ক্যাম্পে এর আগে চারবার খেলে গোল পাননি, পঞ্চমবারে এসে গোলের দেখা পেলেন পর্তুগিজ তারকা। পাল্টা আক্রমণে আরেকটা গোলও প্রায় পেয়েই যাচ্ছিলেন। তাঁর জোরালো শট ঠেকাতে পারেননি ভিক্টর ভালদেস। কিন্তু আসল বাধা হয়ে গেছে বার। এরই ফাঁকে প্রথমার্ধের শেষ মুহূর্তে মেসি-সুলভ গোল বার্সাকে এগিয়ে দেয় আবার।প্রথমার্ধে দুই দলেরই খেলায় ছিল আক্রমণ আর পাল্টা আক্রমণের ঝাঁজ। কিন্তু দ্বিতীয়ার্ধ ছিল বড্ড ম্যাড়মেড়ে। ফুটবলের চেয়ে ফাউলই এই সময় হয়েছে বেশি। প্রথমার্ধে যেখানে হলুদ কার্ড ছিল মাত্র দুটো, দ্বিতীয়ার্ধে সেখানে ছয়টি হলুদ আর তিনটি লাল কার্ড। এর মধ্যে রিয়ালের কিছু খেলোয়াড়ের ফাউল ছিল দৃষ্টিকটু।এই অফুটবলীয় প্রতিদ্বন্দ্বিতার মাঝে আবারও উত্তেজনা ফিরিয়ে আনেন বেনজেমা, ৮১ মিনিটে শোধ করে দেন গোল। স্প্যানিশ সুপার কাপ তার ইতিহাসে প্রথমবারের মতো টাইব্রেকারে গড়াবে কি না, এ নিয়ে যখন আলোচনা, সেই সময় ৮৮ মিনিটে মেসির আরেকটি অসাধারণ গোল। আদ্রিয়ানোর পাসে বাঁ পায়ে ভলিটা করেছেন, কিন্তু গোলের বিল্ড-আপে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ৮২ মিনিটে মাঠে নামা সেস ফ্যাব্রিগাস। জয় দিয়ে ঘরের ছেলের ঘরে ফেরার উদ্যাপনটি হয়েছে, কিন্তু এরই মধ্যে ফ্যাব্রিগাসকে বিপজ্জনক ফাউল করা নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি লেগে যায়। এই সময়ই তিনটা লাল কার্ড দেখান রেফারি।এল ক্লাসিকোতে ক্লাসিক ফুটবলই আশা করে সবাই। কিন্তু ইদানীং ফুটবলকে ঢেকে দিচ্ছে দুই দলের হাতাহাতি। সেই বিবেচনায় স্বস্তির খবর হলো, আগামী ডিসেম্বরের আগে আর কোনো এল ক্লাসিকো নেই!