মেসির অধীনে খেলবেন রোনালদো!

মেসি না রোনালদো, সেরা কে? ব্যালন ডি’অর কে জিতবেন—এমন বিতর্কে উত্তপ্ত ফুটবল বিশ্ব। যত প্রতিদ্বন্দ্বিতাই থাকুক না কেন, এবার অন্তত দুজনের সন্ধি! খেলবেন একই দলে। আর সেই দলের অধিনায়ক স্বয়ং মেসি! তাহলে কী দাঁড়াল? লিওনেল মেসির অধীনে খেলবেন ক্রিস্টিয়ানো রোনালদো!
হ্যাঁ, এ অসাধ্য সাধন করেছে কোরীয় কোম্পানি স্যামসাং। তাঁদের গ্যালাক্সির একটি বিজ্ঞাপনে দেখা যায়, বিশ্বকে বাঁচাতে তৈরি হচ্ছে একটি ফুটবল দল, যার নাম ‘গ্যালাক্সি ইলেভেন’। দলটি লড়বে এলিয়েনদের বিপক্ষে! আর এর মূল উদ্যোক্তা ফ্রাঞ্জ বেকেনবাওয়ার।
বিজ্ঞাপনচিত্রে দেখা যায়, শহরের ব্যস্ত রাস্তায় সাঁ সাঁ ছুটে চলা গাড়ি, মোটরসাইকেল, শত শত মানুষ কাটিয়ে বল নিয়ে ছুটছেন খুদে জাদুকর। এমন সময় রাস্তায় দাঁড়াল একটি গাড়ি। গ্লাস নামাতেই দেখা মিলল বেকেনবাওয়ারের। তিনি অধিনায়ক ব্যান্ড তুলে দিলেন মেসির হাতে। এরপর দলে একে একে ঠাঁই পেলেন মারিও গোটশে (জার্মানি), অস্কার (ব্রাজিল), উ লুই (চীন), এল শারওয়ে (ইতালি), ভিক্টর মোজেস (নাইজেরিয়া), ফ্যালকাও (কলম্বিয়া), লি চুং ইয়ং (কোরিয়া), ইকার ক্যাসিয়াস (স্পেন), ওয়েন রুনি (ইংল্যান্ড), লনডন ডোনোভান (যুক্তরাষ্ট্র) ও কারঝাকভ (রাশিয়া)। লক্ষ করুন, ১২ জনের মধ্যে কিন্তু নেই ক্রিস্টিয়ানো রোনালদো! তবে খেলবেন না রিয়াল ফরোয়র্ড? এখানেই চমক!
এ পর্যায়ে বিজ্ঞাপন চিত্রে দেখা যায়, পাঁচ সুন্দরীর সঙ্গে নিবিষ্ট মনে ভলিবল খেলছেন সিআর সেভেন! মেয়েরা হাত দিয়ে খেললেও পর্তুগিজ উইঙ্গার খেলছেন পা দিয়ে। এলিয়েনদের সঙ্গে লড়াই নিয়ে যেন তাঁর কোনো মাথাব্যথা নেই। বিজ্ঞাপনে দেখা যায়, গ্যালাক্সি দলের পক্ষ থেকে দুজন লোক রোনালদোর সঙ্গে দেখা করেন ওই ভলিবল খেলার মাঝেই। এরপরই রোনালদোকে নির্বাচিত করা হয় মেসির নেতৃত্বাধীন ওই দলে! সূত্র: মার্কা ও ইয়াহু স্পোর্টস।