মেসির অপেক্ষায় ইতিহাস
রেকর্ড হলো না, আবার হলোও! বেরসিক গোলপোস্ট। লিওনেল মেসির শটটা পোস্টে লেগে সোজা পড়ল নিচে। গোললাইনের বাইরে! ন্যু ক্যাম্পে নিজেদেরই গোলপোস্ট এমন ‘বিশ্বাসঘাতকতা’ না করলে রেকর্ডটা পরশুই হয়ে যায়। হয়ে যায় মেসির হ্যাটট্রিকও। শেষ পর্যন্ত দুটি গোল নিয়েই সন্তুষ্ট থাকলেন মেসি। জার্ড মুলারের রেকর্ড ৮৫ গোল এখন নিঃশ্বাস-দূরত্বে। ২০১২ সালে মেসির গোল হয়ে গেল ৮৪টি। মেসির রেকর্ড না হলেও বার্সেলোনা ঠিকই রেকর্ড গড়েছে। স্প্যানিশ লিগের ইতিহাসে এর আগে মৌসুমের সেরা শুরুর কীর্তিটা ছিল রিয়াল মাদ্রিদের, ১৯৯১-৯২ মৌসুমে। অ্যাথলেটিক বিলবাওকে ৫-১ গোলে হারিয়ে সেই রেকর্ড পেরিয়ে গেল বার্সা। প্রথম ১৪ ম্যাচের ১৩টিই জিতল টিটো ভিলানোভার দল, একমাত্র ড্র রিয়ালের বিপক্ষে।প্রথমার্ধে তিন মিনিটের ব্যবধানে ২ গোল ম্যাচের ভবিষ্যৎ একরকম ঠিক করে দেয়। ২২ মিনিটে জেরার্ড পিকের পর ২৫ মিনিটে মেসির গোল। ৪৫ মিনিটে বার্সার আক্রমণভাগের দারুণ সমঝোতার ফসল তুলে গোল করেন ফুলব্যাক আদ্রিয়ানো। দ্বিতীয়ার্ধের ১২ মিনিটে সেস ফ্যাব্রিগাস ৪-০ করে ফেললে বিলবাওয়ের গোলবন্যায় ভেসে যাওয়ার শঙ্কা জাগে। ৬৫ মিনিটে ইবাই গোমেজ সান্ত্বনার একটি গোল পান। কিন্তু ৭০ মিনিটেই আবার ব্যবধান বাড়িয়ে নেন মেসি। বাকি ২০ মিনিটে আর রেকর্ড ছোঁয়া গোলটির দেখা পাননি মেসি। এ নিয়ে টানা পাঁচ ম্যাচে অবশ্য পেলেন জোড়া গোল। মেসির রাতে ঝলসে উঠেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোও। আগের তিন ম্যাচে গোলের দেখা না-পাওয়া রোনালদো পরশু ১৬ মিনিটে গোলখরা ঘোচান দূরপাল্লার দুর্দান্ত এক ফ্রি-কিকে। এই মৌসুমে এই প্রথম ফ্রি-কিক থেকে গোল পেলেন রোনালদো—এই তথ্যও মনে করিয়ে দেয়, গত দুই মৌসুমের রোনালদো এবার অনেকটাই মেঘে ঢাকা। আর রোনালদো তাঁর মতো খেলতে পারছেন না বলেই তো রিয়ালকেও আগ্রাসী চেহারায় দেখা যাচ্ছে না।পরশুর মাদ্রিদ ডার্বিটাকে অন্য রকম গুরুত্ব দেওয়া হচ্ছিল এই মৌসুমে অ্যাটলেটিকো অবিশ্বাস্য চেহারায় হাজির বলে। কিন্তু শেষ পর্যন্ত লিগে রিয়ালের বিপক্ষে জিততে না-পারার ব্যর্থতাটা ১৪তম বছরে টেনে নিয়ে গেল অ্যাটলেটিকো। মেসুত ওজিল রিয়ালের দ্বিতীয় গোলটি করেন ৬৬ মিনিটে। রিয়ালের এই জয়ে বার্সার লাভই হলো। রিয়ালের (২৯ পয়েন্ট) সঙ্গে বার্সার (৪০) ১১ পয়েন্টের ব্যবধান অটুট রইল ঠিকই, কিন্তু দুইয়ে থাকা অ্যাটলেটিকোর (৩৪) সঙ্গে ব্যবধান বেড়ে দাঁড়াল ৬ পয়েন্টে। এএফপি, রয়টার্স।বার্সেলোনা ৫: ১ বিলবাওরিয়াল ২: ০ অ্যাটলেটিকো