মেসির আরও দুই বছর
ক্লাবের হয়ে সম্ভাব্য সব অর্জন তাঁর পায়ের তলায় লুটিয়েছে অনেক আগেই। চ্যাম্পিয়নস লিগ, লা লিগা জিতেছেন, টানা চারবার জিতে একরকম নিজের করে নিয়েছেন ফিফা ব্যালন ডি’অর পুরস্কারও। লিওনেল মেসি যেমন খেলছেন, তাতে আরও অনেক পালকই যে যোগ হবে তাঁর মুকুটে, সেটা বলাই যায়। প্রশ্ন এখন একটাই, কোথায় গিয়ে থামবেন মেসি? ব্রাজিলের কোচ লুইস ফেলিপে স্কলারির কাছে একটা উত্তর আছে। বয়স এখন ২৫, ফুটবলের বিচারে একজন খেলোয়াড়ের শিখরে পৌঁছানোর মোক্ষম সময় এটাই। স্কলারি বলছেন, অন্তত আরও দুই বছর এভাবেই খেলে যাবেন মেসি, ‘আমি মনে করি, লিওনেল মেসি অন্তত সামনের আরও দুই বছর বিশ্বের সেরা খেলোয়াড় থাকবে। মেসি শুধু দলের জন্যই খেলে না, তার অসাধারণ স্কিলও আছে। সে একাই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে।’তা মেসি-যুগ তো একসময় শেষ হবেই। এরপর তাঁর কাছ থেকে কে নেবেন ব্যাটনটা? স্কলারির পক্ষপাত মেসির নতুন ব্রাজিলিয়ান সতীর্থ নেইমারের দিকে, ‘নেইমার এখন যেহেতু বার্সেলোনায় সে তার দক্ষতা তুলে ধরতে পারবে এবং মেসির মতোই ব্যক্তিগত নৈপুণ্য দেখাবে। স্পেনের প্রথম বছরটায় তাকে অনেক কিছুই শিখতে হবে। টেকনিক্যাল ফর্মেশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। ব্রাজিলে আমরা ট্যাকটিকস নিয়ে এত মাথা ঘামাই না। নেইমারকে এটার সঙ্গে মানিয়ে নিতে হবে। সে শেখার জন্য উন্মুখ, যদিও তাকে খেলতে হবে ব্রাজিলের চেয়ে মানের দিক দিয়ে অনেক উঁচু লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে।’দুই বছর পর বয়স হবে ২৩, এখনকার চেয়ে অনেকটা পরিণত তো নেইমার হবেনই। আর বার্সা অধ্যায়ের শুরুটা লেভান্তের বিপক্ষে ১৮ আগস্টের ম্যাচ দিয়েই হয়ে যেতে পারে। ওয়েবসাইট।