মেসির আরেকটি মহতী উদ্যোগ

লিওনেল মেসি খেলোয়াড় হিসেবে কেমন, সেটা তো আর নতুন করে বলার কিছু নেই। কিন্তু ব্যক্তি মেসি যে মানুষ হিসেবেও মহান, সেটা তিনি বারবারই প্রমাণ করে চলেছেন। আর্ত মানবতার সেবায় আর্জেন্টাইন এই তারকার অংশগ্রহণ ব্যক্তি মেসিকেই যেন প্রমাণ করে চলেছে নিরন্তর। ২০০৭ সালে তাঁর প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা ‘ফাউন্ডেশন লিও মেসি’ মাধ্যমে তিনি সম্প্রতি সাহায্যের হাত বাড়িয়েছেন অস্থি-মজ্জা প্রতিস্থাপনের চিকিত্সাতে।
এমনিতে অস্থি-মজ্জা প্রতিস্থাপন খুবই ব্যয়বহুল চিকিত্সা। সম্প্রতি মেসি তাঁর দাতব্য সংস্থার মাধ্যমে এক কিশোরের অস্থি-মজ্জা প্রতিস্থাপনের মাধ্যমে তাকে সুস্থ হতে সহায়তা করেছেন। ফ্রাঙ্কো বাতিস্তুতা নামের ওই কিশোরের সঙ্গে তিনি দেখাও করেছেন। স্বপ্নের ফুটবলারের দেখা পেয়ে দারুণ উচ্ছ্বসিত বাতিস্তুতা কেবল একটা কথাই বলেছে, ‘আমার স্বপ্ন সত্যি হলো।’ মেসিও নিশ্চয়ই খুশি বাতিস্তুতার স্বপ্ন সত্যি করে! সূত্র: মার্কা