মেসির আরেকটি রেকর্ড
লা লিগায় টানা ১৯ ম্যাচে গোলের দেখা পেলেন লিওনেল মেসি। এর মধ্য দিয়ে লিগে সব কটি দলের বিপক্ষেই টানা গোল করার রেকর্ড গড়লেন বার্সার আর্জেন্টাইন এই সুপারস্টার।গতকাল রাতে সেল্টা ভিগোর বিপক্ষে পাওয়া গোলের মধ্য দিয়ে মেসির গোলসংখ্যা দাঁড়াল ৪৩। এর মধ্যে সর্বশেষ ১৯ ম্যাচে করেছেন ৩০ গোল। লিগে এখনো বাকি নয়টি ম্যাচ। লা লিগার এক আসরে গত বছর নিজের গড়া ৫০ গোলের রেকর্ডাও বোধ হয় এবার ভেঙে দেবেন বার্সা জাদুকর।রেকর্ডের ভাঙা-গড়া মেসির কাছে যেন ছেলেখেলা। তবে তিনি সব সময়ই বলে এসেছেন, এসব রেকর্ড নিয়ে কখনোই মাথা ঘামান না তিনি। লা লিগায় সব কটি দলের বিপক্ষে (১৯) টানা গোল করার রেকর্ড গড়ার পরও একই কথা বললেন মেসি, ‘গোল করতে পেরে ও দলকে সহায়তা করতে পেরে আমি খুশি। রেকর্ডকে কখনোই গুরুত্ব দিই না আমি। আজ আমাদের জয় পাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল।’সেল্টা ভিগোর বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের ম্যাচে মেসি নিজে একটি গোল করেন। তেল্লোর গোলটিতেও অবদান ছিল তাঁর। ম্যাচ শেষে মেসির প্রতিক্রিয়া, ‘আন্তর্জাতিক ফুটবলের জন্য বিরতির পর ভালো করা সত্যি কঠিন।’এ ম্যাচে মেসির গড়া রেকর্ডকে ‘অভূতপূর্ব’ বলে আখ্যায়িত করেছেন বার্সার সহকারী কোচ জর্ডি রোরা। সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটা অভূতপূর্ব রেকর্ড। এটা অবিশ্বাস্য। এই রেকর্ড প্রমাণ করে, মেসি কত বড় ফুটবলার।’ সূত্র: রয়টার্স।