মেসির আরেকটি হ্যাটট্রিক
ক্রমেই যেন অপ্রতিরোধ্য হয়ে উঠছেন লিওনেল মেসি। কয়েক দিন আগেই চ্যাম্পিয়নস লিগের এক ম্যাচে পাঁচটি গোল করে ফুটবল জগতে হইচই ফেলে দিয়েছিলেন বার্সেলোনার এই আর্জেন্টাইন স্ট্রাইকার। সেই ঘোরের রেশ কাটতে-না কাটতেই আবার নতুন একটি রেকর্ড গড়ে ফেললেন ফিফার এই বর্ষসেরা ফুটবলার। গতকাল লা লিগায় গ্রানাডার বিপক্ষে হ্যাটট্রিক করে সব ধরনের প্রতিযোগিতায় বার্সেলোনার জার্সি গায়ে সর্বোচ্চ গোল করার রেকর্ডটা ভেঙে ফেলেছেন মেসি। ২৩৪ গোল করে তিনি পেছনে ফেলেছেন কিংবদন্তি স্প্যানিশ ফুটবলার সিজার রদ্রিগেজকে। মেসির এই দুর্দান্ত হ্যাটট্রিকে কাতালানরাও পেয়েছে ৫-৩ গোলের জয়। লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পাঁচ পয়েন্টের ব্যবধানও কমিয়েছে গতবারের শিরোপাজয়ীরা। তবে বার্সেলোনা এখনো রিয়াল মাদ্রিদের পেছনে থাকলেও লা লিগার সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে রিয়ালের ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলেছেন ২৪ বছর বয়সী এই আর্জেন্টাইন স্ট্রাইকার। রোনালদোর থেকে দুই গোলে এগিয়ে থেকে ৩৪ গোল নিয়ে মেসিই এখন সর্বোচ্চ গোলদাতা। শুধু গত সাত ম্যাচেই তাঁর পা থেকে এসেছে ১৭টি গোল।ম্যাচ শেষে শিষ্যকে উচ্চকিত প্রশংসায় ভাসিয়েছেন বার্সা কোচ পেপ গার্দিওলা। তিনি বলেছেন, ‘যারা মেসির শ্রেষ্ঠত্ব স্বীকার করতে চায় না, তাদের জন্য আমার দুঃখিত হওয়া ছাড়া কোনো উপায় নেই। আজকে তার খেলাটা সত্যিই সেরা। মাইকেল জর্ডান তাঁর এলাকায় রাজত্ব করেছেন। মেসিও ফুটবলে সেই একই জিনিসটা করছে। এর বেশি আর কিছু বলার নেই।’ তবে মেসি গোল তালিকার শীর্ষে উঠে গেলেও মৌসুম শেষে বার্সাকে শিরোপা জয়ের জন্য রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাতে হবে আরও পাঁচটি পয়েন্টের।—রয়টার্স