মেসির ইতিহাস!
একের পর এক হারানোর বিষাদ সংগীত শোনা লিওনেল মেসির জন্য পরশু এল প্রাপ্তির সুসংবাদ। দল হিসেবে এবার শুধু একটা শিরোপাই জিততে পারেন। কোপা ডেল রে। তবে দলীয় ব্যর্থতার এই মৌসুমটি ব্যক্তিগত সাফল্যের মোড়কে ঢেকে ফেলতে পারছেন আর্জেন্টাইন জাদুকর। পরশু মালাগার বিপক্ষে হ্যাটট্রিক করে নতুন ইতিহাসও গড়লেন। ভেঙে দিলেন জার্ড মুলারের গড়া ইউরোপিয়ান ক্লাব ফুটবলে এক মৌসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ড। জার্মান কিংবদন্তি ১৯৭২-৭৩ মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে ৬৭ গোল করেছিলেন। পরশুর তিনটি নিয়ে মৌসুমে মেসির গোল হয়ে গেল ৬৮টি। এক মৌসুমে ৭০ গোল করার অবিশ্বাস্য কীর্তি এখন হাতছানি দিচ্ছে তাঁকে। মেসি হাতে পাচ্ছেন আরও তিনটি ম্যাচ।চ্যাম্পিয়নস লিগে বার্সার বিদায়ের বড় কারণ তাঁর পেনাল্টি মিস। পরশু পেনাল্টি থেকেই দুটি গোল করে মেসি জানিয়ে দিলেন, স্বভাবে নরম হলেও তিনি শক্ত ধাতুতেই গড়া। পেনাল্টি মিসের ব্যর্থতার চাপ তিনি পেনাল্টিতে গোল করেই মুছে ফেলতে জানেন। পেনাল্টির গোল দুটি যদি সহজলভ্য হয়ে থাকে তো ৬৪ মিনিটে দুর্দান্ত একটি গোল করে বুঝিয়ে দিলেন, কয়েক মৌসুম ধরে যে জাদু দেখিয়ে চলেছেন, তাতে মরচে ধরেনি এতটুকু। সামান্য ধুলো হয়তো জমেছিল। মালাগার গোলরক্ষক ইদ্রিস কামেনির মাথার ওপর দিয়ে চিপ করে নিখুঁত ফিনিশিংয়ে পূর্ণ করেছেন হ্যাটট্রিক। এর সঙ্গে কার্লোস পুয়োলের গোল মিলে মালাগাকে ৪-১-এ হারিয়েছে বার্সা। এই জয় পূর্ণ করল একটা বৃত্তও। ২০০৮-০৯ মৌসুমে, গার্দিওলার অভিষেকে লিগে ১০৫ গোলের ক্লাব রেকর্ড গড়েছিল বার্সা। পরশুর চার গোল নিয়ে এবার লিগে ১০৮ গোল হলো তাদের। মেসি নিজেও লা লিগায় এক মৌসুমে ৫০ গোলের সম্ভাবনা জাগালেন। লিগে তাঁর গোল এখন ৪৬টি। আরও দুটি ম্যাচ পাচ্ছেন লিগে। রোনালদোর সঙ্গে ব্যক্তিগত দ্বৈরথেও এগিয়ে গেলেন। রিয়াল তারকার চেয়ে তাঁর গোল এখন দুটি বেশি। গত মৌসুমে কোপা ডেল রে আর পিচিচি ট্রফি জিতেছিলেন রোনালদো। এবার সেটাই যেন হতে যাচ্ছে মেসির বেলায়। ২৫ মে কাপের ফাইনালে বার্সার প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও। গার্দিওলার বিদায়ী ম্যাচও। গুরুকে মেসি নিশ্চয়ই দারুণ একটা বিদায়ী উপহার দিতে চাইবেন!পরশু মেসিময় রাতেও কিন্তু বেশি স্লোগান উঠল পেপ গার্দিওলার নামে। ন্যু ক্যাম্পে আর একটি ম্যাচেই দায়িত্ব পালন করবেন বিদায়ী কোচ। স্বাগতিক দর্শকেরা তাই ‘পেপ’কে কৃতজ্ঞতা জানানোর উপলক্ষ হিসেবে নিয়েছিল পরশুর ম্যাচটিকেও। অনেকের হাতে ধরা ছিল ‘ধন্যবাদ পেপ, তুমি চিরদিন আমাদের হূদয়ে থাকবে’ এমন আবেগময় ব্যানার-পোস্টার। কারও কারও হাতে ধরা ব্যানারে ঝরে পড়ছিল আকুতি, ‘কেন চলে যাচ্ছ পেপ!’ বেশির ভাগ সময় এখন ডাগ-আউটে বসে থাকেন, উত্তরসূরি টিটো ভিলানোভার সঙ্গে পরামর্শতেই মগ্ন থাকেন। গার্দিওলা যেন প্রতিটি ইঞ্চি দায়িত্ব বুঝিয়ে দিয়ে তবেই বিদায় নিতে চান। মাঝে যে কয়বার সাইডলাইনে এসে দাঁড়িয়েছেন, প্রতিবার ন্যু ক্যাম্পের গর্জন তীব্র থেকে তীব্রতর হয়েছে। হাত নেড়ে অভিবাদন গ্রহণ করেছেন গার্দিওলা। ন্যু ক্যাম্পের ৯০ হাজার দর্শকের এই গর্জনটাও সামনের দিনগুলোয় নিশ্চয়ই মিস করবেন কোচ! রয়টার্স।