মেসির ওপর অবিচার হচ্ছে, অভিযোগ ম্যারাডোনার
‘লিওনেল মেসি সত্যিই জাতীয় দলের ফুটবলার নয়, ক্লাব পর্যায়ের ফুটবলার। দেশের হয়ে খেললে ওকে চেনাই যায় না’—অভিযোগটা পুরোনো। তবে দেশের মাটিতে চলমান কোপা আমেরিকায় আর্জেন্টিনার হয়ে প্রথম দুই ম্যাচে গোলের দেখা না পাওয়ায় পুরোনো অভিযোগটাই নতুন করে মাথাচাড়া দিয়েছে।প্রতিযোগিতা চলার মধ্যে এমন সমালোচনায় নিঃসন্দেহে মর্মাহত মেসি। মর্মাহত আরও একজন, যাঁর সঙ্গে তুলনা করা হয় মেসিকে। সেই ডিয়েগো ম্যারাডোনার অভিযোগ, সমালোচনার বাণে বিদ্ধ করার মাধ্যমে মেসির ওপর অবিচার করা হচ্ছে।‘সমালোচকেরা ভুল করছে। লিওকে এভাবে দোষ দেওয়াটা ঠিক হচ্ছে না। দলগতভাবে আর্জেন্টিনা প্রতিপক্ষের ওপর আক্রমণ করতে ব্যর্থ হচ্ছে। অথচ এর জন্য দায়ী করা হচ্ছে শুধু একজনকে। আমরা আসলেই মেসির ওপর খুব বেশি অবিচার করছি’—ক্রীড়া দৈনিক ওলাকে দেওয়া সাক্ষাত্কারে বলেছেন ম্যারাডোনা।সমালোচকদের সরাসরি আক্রমণ করেই আর্জেন্টিনার এই কিংবদন্তি বলছেন, ‘আমি মেসির হয়ে সাফাই গাইছি না। ও সব সময় দেশের জার্সি গায়ে খেলতে ভালোবাসে। এ সপ্তাহেই ওর সঙ্গে আমার কথা হয়েছে। আমি ওকে শান্ত থাকতে বলেছি। যে লোকগুলো সমালোচনা করছে, ওরা আসলে মেসির ভালো চায় না। মেসিকে আরও নিচে নামাতে চায়।’সবার প্রতি ম্যারাডোনার অনুরোধ, ‘চলুন, আমরা মেসিকে দোষ না দিই। বিশ্বের সেরা ফুটবলারকেই পেয়েছি আমরা। ও সবার চেয়ে ব্যতিক্রম।’মেসির এই দুর্দিনে নিজের দুর্দিনের ইতিহাসটাও টেনে এনেছেন ম্যারাডোনা। বোঝাতে চেয়েছেন, সময় বরাবরই একই রকম যায় না, ‘১৯৮৬ সালের বিশ্বকাপের আগেও বেশ কিছু বাজে ম্যাচ খেলেছি আমি। মনে হয়েছিল, একটা দুঃস্বপ্নের মধ্যে আছি। তখন ৮০ শতাংশ সাংবাদিক আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল।’