মেসির ওপর ‘কঠিন চাপ’
সদ্য শেষ হওয়া ইউরোপিয়ান মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছিলেন লিওনেল মেসি। ৩৩ ম্যাচে ৩১টি গোল করে বার্সেলোনাকে জিতিয়েছিলেন স্প্যানিশ লিগ শিরোপা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগেও সবাইকে মুগ্ধ করে দিয়েছিলেন জাদুকরি পারফরমেন্স দেখিয়ে। ১৩ ম্যাচে সর্বোচ্চ ১২টি গোল করে ইউরোপ-সেরার মুকুটও এনে দিয়েছিলেন কাতালানদের। ক্লাব ফুটবলে এমন অসাধারণ একটা মৌসুম কাটানোর পর এবার তিনি আর্জেন্টিনার জার্সি গায়েও জ্বলে উঠবেন, এমনটাই প্রত্যাশা করেছিলেন সবাই। কিন্তু বরাবরের মতো আবারও হতাশ করেছেন এই ফিফা বর্ষসেরা ফুটবলার। নিজেদের মাটিতে কোপা আমেরিকার প্রথম দুটি ম্যাচে একেবারেই নিষ্প্রভ হয়ে ছিলেন মেসি। গত বুধবার কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে মাঠ ছাড়ার পর সমর্থকদের দুয়োধ্বনিও শুনতে হয়েছে এই আর্জেন্টাইন তারকাকে। এখন যে তিনি ভয়াবহ চাপের মুখে আছেন, এটা একেবারে খোলাখুলিই জানিয়ে দিয়েছেন মেসির বাবা। গতকাল আর্জেন্টিনার একটি রেডিওকে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘লিও সত্যিই খুব বিপর্যস্ত হয়ে পড়েছে। সে এখনো বুঝতে পারছে না যে এটা কীভাবে হলো। এ প্রথম তাকে দুয়োধ্বনি শুনতে হয়েছে।’ ১৮ বছর পর মেসির কাঁধে সওয়ার হয়েই শিরোপা জয়ের স্বপ্ন দেখা শুরু করেছিল আর্জেন্টিনা। কিন্তু প্রথম দুই ম্যাচে একেবারেই চেনা যায়নি বার্সেলোনার জাদুকরি মেসিকে। তবে বার্সেলোনা ও আর্জেন্টিনার খেলার ধরন একরকম না বলেই এমনটা হচ্ছে বলে মনে করেন তাঁর বাবা। তিনি বলেছেন, ‘বার্সেলোনার ক্ষেত্রে ঘটনাটা ভিন্ন রকম। ওখানে তারা একই সঙ্গে চার বছর ধরে খেলছে। জাতীয় দলের ক্ষেত্রে তো এমনটা হয় না। আর দেশের মাটিতে কোপা আমেরিকা খেলাটাও একটা চাপের ব্যাপার।’মেসির বার্সেলোনা সতীর্থ জাভিয়ের মাচেরানো অবশ্য শুধুই মেসির কাঁধে দোষ চাপানোটা খুবই অযৌক্তিক বলে মনে করছেন। তিনি বলেছেন, ‘এটা শুধু মেসির দোষ না। আমরা পুরো দল হিসেবেই ভালো খেলতে পারিনি। তবে খেলার পর যদি সমর্থকেরা দুয়োধ্বনি দেয়, তাহলে সেটা সহ্য করতেই হবে।’ ওয়েবসাইট।