মেসির ওপরেই চোখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল মাদ্রিদ আজই নেমে পড়ছে মাঠে। লা লিগায় বার্সেলোনার খেলা আগামীকাল। কিন্তু বার্সার ম্যাচটিই আলোচনায়। আরও স্পষ্ট করে বললে, আগ্রহের বৃত্তের মাঝখানের নাম লিওনেল মেসি!কয়েক মৌসুম ধরেই রেকর্ড ভাঙার নেশায় মেতেছেন। রেকর্ড তাঁর কাছে এখন ছেলের হাতে ললিপপ। তবে এবার অবিশ্বাস্য এক রেকর্ডের সামনে মেসি। এক বছরে মহামতি পেলের ৭৫ গোলের রেকর্ড ভেঙে দিয়ে মেসি ছুটছেন জার্ড মুলারের ৮৫ গোলের দিকে। চ্যাম্পিয়নস লিগের গত ম্যাচে জোড়া গোল করে বার্সাকে শুধু নকআউট পর্বেই তুলে দেননি, ২০১২ সালে মেসির গোল হয়ে গেছে ৮০টি। আর মাত্র ৫টি গোল হলেই ছুঁয়ে দেবেন রেকর্ড, ৬টি গোল মেসিকে তুলে দেবে অনন্য উচ্চতায়।আর সেই উচ্চতায় যেতে যথেষ্ট সময়ই পাচ্ছেন মেসি। কোপা ডেল রের পরের রাউন্ডে উঠে গেলে সব মিলিয়ে মেসি এ বছর পাবেন আরও সাতটি ম্যাচ। অত দূর অবশ্য নয়, আপাতত আগামীকালের প্রতিপক্ষ লেভান্তেকে নিয়েই ভাবছেন মেসি।গত মৌসুমে লম্বা সময় পর্যন্ত রিয়াল-বার্সার সঙ্গে পাল্লা দেওয়া লেভান্তে এবারও বেশ দাপটের সঙ্গে খেলছে। পয়েন্ট টেবিলের চারে দলটি। তা ছাড়া দুই সপ্তাহ আগে নিজেদের মাঠে রিয়ালের ঘাম ছুটিয়ে ছেড়েছিল। একই মাঠে বার্সার জন্য কাজটা সহজ হবে না। তবে অবিশ্বাস্য গতিতে ছোটা বার্সা লিগের ১২ ম্যাচের একটিতেও হারেনি, জিতেছে ১১টিতে! গত মৌসুমে লেভান্তের মাঠে জোড়া গোল করে বার্সাকে ২-১-এ জিতিয়েছিলেন মেসি। কালও তাঁর দিকেই তাকিয়ে থাকবে দল।তবে মেসির দাবি, তাঁর নিজের আলাদা কোনো কৃতিত্ব নেই, ‘সবাই বলে আমি নাকি ভীষণ লড়াকু। আসলে প্রতিবছরই নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামি নিজের উন্নতির ধারাটা ধরে রাখতে এবং আগে যা যা জিতেছি সেসব ট্রফি আবার জিততে। আমি অনুশীলন করতে, খেলতে আর জিততে ভালোবাসি। ছেলেবেলা থেকেই আমি এমন। কিন্তু আমার সতীর্থরা ছাড়া কিছুই অর্জন করতে পারতাম না।’বার্সার এক দিন আগে খেলছে বলে রিয়ালের সামনে সুযোগ ৮ পয়েন্টের ব্যবধানটি পাঁচে নামিয়ে এনে মানসিক সুবিধা পাওয়ার। পয়েন্ট টেবিলের ছয়ে থাকা দল রিয়াল বেটিস নিজেদের মাঠেই আজ খেলবে। তার পরও রিয়ালের জন্য অসুবিধা হওয়ার কথা নয়। লিগের গত আট ম্যাচের সাতটিই জেতা রিয়াল গত সপ্তাহে অ্যাথলেটিক বিলবাওকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে হাত মকশো করে রেখেছে। এএফপি।