মেসির কষ্ট
ক্লাবের হয়ে যা কিছু জেতা সম্ভব, তার সবকিছুই একবার অন্তত ছুঁয়ে দেখেছেন বার্সেলোনার জার্সি গায়ে। কিন্তু জাতীয় দলের হয়ে?আর্জেন্টিনার জার্সি গায়ে লিওনেল মেসির অর্জনের খাতাটা প্রায় শূন্যই পড়ে আছে। একটা অলিম্পিক ট্রফি আর একটা যুব বিশ্বকাপ; সাকল্যে এই অর্জন তাঁর জাতীয় দলের হয়ে। তাহলে মেসিও কি আরেকজন ‘ক্লাব তারকা’!প্রশ্নটা অনেক দিন ধরেই উঠছে। মেসি নিজেও অনেকবার শুনেছেন। এসব কথা খুব একটা গায়ে মাখেন না। মাঠেই জবাব দিতে চান। তাই কষ্টও পান না এসব অভিযোগ শুনে। কিন্তু একটা কষ্ট আছে বর্তমান ফিফা বর্ষসেরা ফুটবলারের। যখন লোকে বলে, টাকা পান বলে ক্লাবের হয়ে ভালো খেলেন। জাতীয় দলে যেহেতু টাকা নেই, তাই ভালো খেলেন না। মেসি তাই বলছেন, ‘আমি কেমন খেলছি, তা নিয়ে সমালোচনা হলে আমি কষ্ট পাই না। আমার পারফরম্যান্স খারাপ হলে আমিই সবার আগে আমাকে সমালোচনা করি। আমিই সবার আগে টের পাই, যথেষ্ট ভালো করতে পারছি না। কিন্তু যখন লোকে ফুটবলের সঙ্গে সম্পর্ক নেই, এমন বিষয় নিয়ে কথা বলে, তখন খুব কষ্ট লাগে।’অবশ্য মেসির সান্ত্বনা এই যে তাঁর কোচের এমন কোনো অভিযোগ নেই। কোচ ডিয়েগো ম্যারাডোনা বরং সার্বক্ষণিক মেসি-বন্দনায় মেতে আছেন। কদিন আগে বলেছেন, মেসি ১৯৮৬ বিশ্বকাপের ম্যারাডোনার চেয়েও ভালো খেলোয়াড়!কথাটা কানে গেছে মেসির। এই প্রশংসা শুনে কিছুটা যেন বিব্রতই মেসি। ম্যারাডোনার দলের হয়ে খেলাটাকে সৌভাগ্যের ব্যাপার বলে মানেন। সঙ্গে বলে দিলেন, ম্যারাডোনাকে ছোঁয়া কারও পক্ষে সম্ভব না, ‘ওটা অসম্ভব ব্যাপার। আমরা বরং আশা করি যে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে।’সেটা হতে গেলেই যে মেসিকে ‘ম্যারাডোনা’ হতে হবে! ওয়েবসাইট।