মেসির কাছে কৃতজ্ঞ গার্দিওলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মৃতি বড় প্রতারক। আশ্চর্য মানুষের স্মরণশক্তি। লিওনেল মেসির এক পেনাল্টি মিস বার্সেলোনার অনেক সমর্থকের কাছে তাঁকে রাতারাতি খলনায়ক বানিয়ে দিয়েছে। অথচ এই মৌসুমে বলতে গেলে মেসি একাই টেনেছেন দলকে। শুধু ৫৫ ম্যাচে ৬৩ গোল করেছেন বলেই নয়, এই মৌসুমে মেসি গোল করিয়েছেনও ২৬টি!পরশু ম্যাচের শেষে মেসির ভুল নয়, অবদানের কথাই সবাইকে তাই স্মরণ করিয়ে দিলেন পেপ গার্দিওলা, ‘আমরা যে আজ এ পর্যন্ত এসেছি, সবই ওই ছেলেটার অবদান। আমাদের জন্য ও যা করেছে, তার জন্য অন্য যেকোনো সময়ের চেয়ে আমি ওকে বেশি করে ধন্যবাদ দিতে চাই। ওর প্রশংসার কোনো সীমা নেই আমার। ও দুঃসাহসী, নির্ভীক। ভিন্ন ভিন্ন কন্ডিশনেও ও দুর্দান্ত খেলেছে।’এই মৌসুমে প্রায় ৫ হাজার মিনিট বার্সার জার্সি পরে খেলেছেন মেসি। প্রায় সব ম্যাচেই ছিলেন পুরো ৯০ মিনিট। দলের গুরুত্বপূর্ণ অনেক খেলোয়াড়ের অনুপস্থিতি বুঝতেই দেননি। গার্দিওলা মনে করিয়ে দিচ্ছেন, ‘আমরা পামপ্লনায় (স্পেনের একটি শহর) একটি ম্যাচ খেলেছি তাপমাত্রা ছিল শূন্যের ১০ ডিগ্রি নিচে। খুবই ঠান্ডা। ও তার পরও ওই ম্যাচে খেলেছে, আমাদের জিতিয়েছে। ও আমাদের সবার জন্য একটা উদাহরণ। ওর প্রতিদ্বন্দ্বিতামূলক মানসিকতা আমাদেরও সব সময় আরও ভালো করার জন্য চাপে রাখে।’ভালো-মন্দ দুটি সময়ই একজন খেলোয়াড়ের সামনে আসে। দুঃসময় থেকে যারা শেখে, তারাই আরও পরিণত হয়। ২৪ বছর বয়সী মেসির সামনে আরও সোনালি দিন পড়ে আছে বলে মনে করেন বার্সা কোচ, ‘আমার ধারণা, ও সামনে বেশ কিছু কঠিন সময়ের ভেতর দিয়ে যাবে। এটাই আসলে ফুটবলের সৌন্দর্য। কখনো আপনি হাসবেন, কখনো কাঁদবেন।’প্রথমার্ধের শেষে রামিরেসের গোলটাই ম্যাচ পাল্টে দিয়েছে বলে মনে করেন গার্দিওলা, ‘প্রথমার্ধ ২-০ গোলে শেষ হলে আমরা ভাবতাম আমরা জিততে চলেছি। কিন্তু ২-১ হয়ে যাওয়াটা মানসিকভাবে আমাদের জন্য ছিল খুবই খারাপ।’ বার্সেলোনাকে কীভাবে আটকাতে হয়, সেই কৌশল প্রতিপক্ষ জেনে গেছে বলে মন্তব্য করছেন অনেকে। গার্দিওলাও বলছেন, ‘আমরা এমন একটা দল, যারা একই ধরনে খেলে। প্রতিপক্ষ এখন সেই ধরনটার সঙ্গে মানিয়ে নিয়েছে। আমাদের তাই ফিরে গিয়ে ভাবতে হবে ক্লাবের জন্য কোনটা এখন ভালো হয়।’ভবিষ্যতের সেই যাত্রাপথে গার্দিওলা নিজে থাকবেন তো? এখনো নতুন চুক্তিতে সই করেননি গত তিন বছরে ১৩টি বড় শিরোপা এনে দেওয়া কোচ। গার্দিওলা এই প্রশ্নের নিশ্চিত কোনো উত্তর দেননি, ‘আগামী কিছুদিনের মধ্যে সিদ্ধান্ত নেব। প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে ক্লাবের জন্য যা ভালো হয় সেই সিদ্ধান্তই নেওয়া হবে।’বার্সেলোনা শিবিরে যখন হতাশার কালো চাদর, চেলসিতে উড়ছে উৎসবের ফানুস। ভারপ্রাপ্ত কোচ হিসেবে এসে চেলসিকে এফএ কাপের পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও নিয়ে গেলেন ডি মাত্তেও। ইংলিশ মিডিয়ায় তাঁকে নিয়ে ধন্য ধন্য রব। ডি মাত্তেও কিন্তু আরও একবার শিষ্যদেরই দিয়ে দিলেন সব কৃতিত্ব। ওদিকে বার্সার বিপক্ষে গোল করে মাত্তেওকে নতুন দিশা দেখানো ফার্নান্দো তোরেস বলছেন, ‘এটাই ফুটবল। ফেবারিট হলে, ভালো খেললেও আপনি জিতবেন, তার কোনো নিশ্চয়তা নেই।’ এএফপি, রয়টার্স।