মেসির কাছে হারেননি মুলার

টমাস মুলার বনাম লিওনেল মেসি? মেসি অনন্য, সৌন্দর্যের পূজারি, জাদুকর। মুলারের পায়ে কোনো জাদু নেই, নেই কারিকুরির সৌন্দর্য। মুলার যান্ত্রিক, সুযোগসন্ধানী, ডি-বক্সে তাঁর অব্যর্থ নিশানা। মাঠে প্রভাব বিস্তারে হয়তো মেসিই এগিয়ে, কিন্তু ফাইনালের আগে একটি পরিসংখ্যান নিশ্চিতভাবেই এগিয়ে রাখছে মুলারকে। জার্মানির জার্সিতে কিংবা বায়ার্ন মিউনিখ, মুলার কখনো হারেননি মেসির বিপক্ষে!
মুলারের মুখেই শুনুন, ‘আমরা বেশ কয়েকবারই মেসির বিপক্ষে খেলেছি। তবে আমি কখনো তাঁর বিরুদ্ধে হারিনি।’ তাই বলে এমন নয় যে মেসিকে সমীহ করছেন না, ‘আমাদের শেষ পর্যন্ত আঁকড়ে থাকতে হবে, বিশেষ করে রক্ষণে। মেসিকে আটকে রাখতে হলে আপনাকে অবশ্যই দ্রুতগতির হতে হবে।’
মাঠের বাইরে নয়, মাঠেই দেন সব সমালোচনার উত্তর। চার বছর আগে ম্যারাডোনার সঙ্গে সেই শীতল যুদ্ধের কথা মনে আছে নিশ্চয়ই? মুলার পেয়েছিলেন ‘বলবয়’ উপাধি। তবে জবাবটা ঠিকই দিয়েছিলেন বিশ্বকাপে। আর্জেন্টিনা ৪-০ গোলে উড়ে গিয়েছিল জার্মানির কাছে! চার বছর বাদে পর্তুগালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপযাত্রা শুরু করল জার্মানি। এবার মুলারের এক হ্যাটট্রিক।
এই বিশ্বকাপেও ম্যারাডোনা মুলারকে বলেছে শুধুই ‘হাড্ডিসার’ এক যুবক! কোঁকড়া চুলের মুলার হয়তো গড়নে খানিকটা লিকলিকেই। কিন্তু সেটাই তো শুধু তাঁর পরিচয় নয়। মুলার হয়তো নিজেকে আরও ভালোভাবেই চেনাতে চাইবেন ফাইনালে। যেখানে তাঁর প্রতিপক্ষ ম্যারাডোনার উত্তরসূরিরা।
বায়ার্ন মিউনিখের হয়ে গত মৌসুমে খেলেছেন উইংয়ে। বিশ্বকাপে পর্তুগালের বিপক্ষে প্রথম ম্যাচে খেলেছেন স্ট্রাইকার পজিশনে, করেছেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে আবারও সেই উইংয়েই। মিডফিল্ডার নাকি স্ট্রাইকার? মুলারের উত্তর, ‘ঠিক জানি না!’ জানার দরকারই বা কী! মাঠে শুধু নিজেকে নিংড়ে দেওয়ার কাজটুকু করেই তো মুলার খুশি। এরই মাঝে ৬ ম্যাচে ৫টি গোল, ৩টি গোল সহায়তা, দুটিতে ম্যান অব দ্য ম্যাচ! এ বিশ্বকাপে খেলা ৫৬২ মিনিটে দৌড়েছেন ৬৮.৮ কিলোমিটার, যা পুরো জার্মানি স্কোয়াডের মাঝেই সর্বোচ্চ। পরিসংখ্যান বলছে, বিশ্বকাপে মুলারের সাফল্য মানেই জার্মানির সাফল্য। গোল্ডেন বুটের পুরস্কারে এগিয়ে আছেন, ভালোমতোই আছেন গোল্ডেন বলের লড়াইয়েও। আর্জেন্টিনার জন্য যতটা মেসি, জার্মানির জন্য মুলার হয়তো ঠিক ততটা নন। তবে ২৪ বছর বয়সী মুলারের কাঁধে সওয়ার হয়েই তো জার্মানি আজ ফাইনালে।
বায়ার্ন মিউনিখের হয়ে তিনবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলেছেন। এর সঙ্গে বিশ্বকাপ ফাইনালের তুলনা? প্রশ্ন শুনেই বুঝি চোয়ালটা শক্ত হয়ে গেল মুলারের, ‘বিশ্বকাপ ফাইনাল একজন ফুটবলারের জীবনে সবচেয়ে বড় মুহূর্ত। বিশ্বকাপ জেতার জন্য আমরা নিজেদের উজাড় করে দেব।’ বার্তাটা দিয়েই রাখলেন মুলার। এএফপি। গোলডটকম।