মেসির ক্লান্তিকে ভয় ম্যারাডোনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজনেরই নামের আদ্যক্ষর ‘ম’। দুজনই বাঁ পায়ের নিপুণ শিল্পী। দুজনকে ঘিরেই আবর্তিত হয়েছে আর্জেন্টিনার স্বপ্ন। ডিয়েগো ম্যারাডোনা ১৯৮৬ সালে প্রায় একাই আকাশি-সাদাদের উপহার দিয়েছেন বিশ্বকাপ শিরোপা। ২৮ বছর পর আলবিসেলেস্তেদের আশা লিওনেল মেসি তাঁর পূর্বসূরির পদাঙ্ক অনুসরণ করে দেশকে জেতাবেন তৃতীয় বিশ্বকাপ, শেষ হবে ম্যারাডোনার দেশের দীর্ঘ অপেক্ষা।
রোববার ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে নামার আগে মেসির জন্য থাকছে তার পূর্বসূরির শুভকামনা। ১৯৮৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড় ম্যারাডোনা দে জুরদা টিভি প্রোগ্রামে সেটাই বললেন, ‘রোববার যদি মেসি ম্যারাডোনাকে ছাড়িয়ে যায়, তাহলে আমি ওকে লালগালিচা সংবর্ধনা দেব।’
গত বিশ্বকাপে এই ম্যারাডোনাই ছিলেন আকাশি-সাদাদের কোচ। স্বপ্নের সলিলসমাধি ঘটেছিল এই জার্মানির হাতেই। তবু আশাবাদী আর্জেন্টাইন কিংবদন্তি, ‘ম্যাচে ও-ই ব্যবধান গড়ে দিতে পারে। তবে আমার একটাই ভয়—ওর ক্লান্তি। ক্লান্ত হলে তো চলবে না। আশা করি ও এটা বুঝবে। রোববারের সুযোগ হাতছাড়া করা মানে হলো কেবল সেরাদের কাছাকাছি যেতে পারা।’
ফুটবলবিশ্ব অধীর আগ্রহে অপেক্ষা করছিল ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনালের জন্য। কিন্তু তাদের আশায় পানি ঢেলে দিল সেমিফাইনালে জার্মানির কাছে স্বাগতিকদের শোচনীয় পরাজয়। তবে ম্যারাডোনা যেন তিনবারের চ্যাম্পিয়নদের পেয়েই খুশি, ‘ওদেরকে হারানো অসম্ভব কিছু না। আলজেরিয়ার সঙ্গে আমরা দেখেছি এক জার্মানিকে, ব্রাজিলের সঙ্গে দেখেছি অন্য জার্মানিকে।’
প্রিয় দলকে নিয়ে আশার শেষ নেই সাবেক অধিনায়কের, ‘আর্জেন্টিনা ফুটবলের সোনালি দিন ফিরে এসেছে। মাঝে কিছুদিন আকাশি-সাদা জার্সি তার উজ্জ্বলতা হারিয়ে ফেলেছিল। এখন আবার সুদিন ফিরেছে।’ গোলডটকম।