মেসির খুশি, রোনালদোর আক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় ফুটবলের সবচেয়ে জমাট বিতর্ক ছিল এটা। সর্বকালের সেরা কে, পেলে না ম্যারাডোনা? বিতর্কটা হয়তো এখনো শেষ হয়নি। কিন্তু লিওনেল মেসি নামের এক বিস্ময় বালকের আবির্ভাব এবং একই সময়ে ক্রিস্টিয়ানো রোনালদো নামের এক পর্তুগিজ জাদুকরের উত্থানে সেই বিতর্ক কিছুটা হলেও স্তিমিত। নতুন করে প্রশ্ন উঠল, কে সেরা, মেসি না রোনালদো? নতুন কোনো মহাতারকার আবির্ভাব পর্যন্ত এই বিতর্কও চলতে থাকবে, এটাই নিয়ম। কিন্তু দৃশ্যপটে চলে এসেছেন নেইমার। কুঁড়ি থেকে এখনো পুরোপুরি ফুল হয়ে ফোটেননি ব্রাজিলিয়ান ‘নাম্বার টেন’। যদিও তার আগেই পেলের মতো কিংবদন্তিরা তাঁকে এনে দাঁড় করিয়েছেন মেসির কাতারে। ইঙ্গিত মিলছে মেসি-নেইমার নিয়ে নতুন করে একটা বিতর্কেরও। যদিও দলবদলের বাজারে বার্সেলোনাকে পছন্দ করে নেইমার বুঝিয়েছেন আপাতত সেই বিতর্কের বিষয় হওয়ার কোনো ইচ্ছে নেই তাঁর। তিনি মেসির প্রতিদ্বন্দ্বী নন বরং সঙ্গী হয়েই থাকতে চান।নেইমারেরও এই সিদ্ধান্তকে স্বয়ং বার্সেলোনা মহাতারকাই স্বাগত জানিয়েছেন। হবু সতীর্থের জন্য উচ্ছ্বাস তাঁর কণ্ঠেও, ‘আমার বিশ্বসেরা কয়েকজন ফুটবলারের সঙ্গে খেলার সৌভাগ্য হয়েছে। নেইমার আরেকজন দারুণ ফুটবলার। এ রকম ফুটবলারের সঙ্গে খেলাটা খুবই আনন্দের। আমার মনে হয় বার্সেলোনাই ওর জন্য আদর্শ ক্লাব।’ নতুন সতীর্থকে সঙ্গে নিয়েই আগামী মৌসুমে বার্সেলোনাকে সাফল্যসিক্ত করতে চান আর্জেন্টাইন তারকা, ‘আমাদের লক্ষ্য বার্সার হয়ে সবগুলো শিরোপা জেতা। প্রতিবছরই আমরা এর জন্য প্রস্তুতি নিই।’ নেইমারের বার্সেলোনাকে বেছে নেওয়ার সিদ্ধান্তে মেসির মতো খুশি বার্সেলোনার কোটি সমর্থক। কিন্তু রিয়াল মাদ্রিদের ভক্তদের প্রতিক্রিয়া ঠিক উল্টো। এমনকি আক্ষেপ করছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো। ‘দ্য ফেনোমেনন’ যদিও একসময় বার্সেলোনায় খেলেছেন, কিন্তু ক্যারিয়ারের বড় সময়টা কাটিয়েছেন রিয়ালে এবং হূদয়ের টানটা ওদিকেই বেশি। সে কারণেই কিনা নেইমারকে নিজের প্রিয় দলে দেখতে না পেয়ে কিছুটা আক্ষেপ ঝরেছে তাঁর কণ্ঠেও, ‘আমি চেয়েছিলাম সে মাদ্রিদে সই করুক। যদিও সে কোথায় খেলবে এটা বলার আমি কেউ নই।’ তবে নেইমার যে বার্সেলোনায়ও দারুণ সফল হবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই রোনালদোর। এবং তাঁকে অকুণ্ঠ শুভ কামনাও জানিয়েছেন ফিফার সাবেক বিশ্বসেরা ফুটবলার, ‘ওর পেছনে অনেক ক্লাব ছুটছিল। এই হাতছানি উপেক্ষা করা সম্ভব ছিল না। বার্সেলোনাও দুর্দান্ত দল এবং আমি জানি সে ইউরোপে খুব ভালো করবে। আমাদের ব্রাজিলিয়ানদের কাছে তো সে এরই মধ্যে এক কিংবদন্তি।’ ওয়েবসাইট।