মেসির গায়ে কলঙ্কের ছোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে অসাধারণ সব কীর্তি তাঁর, কিন্তু ক্যামেরার সামনে নিতান্তই লাজুক বালক! আচরণে বিনীত, মাঠে কিংবা মাঠের বাইরে কারও সঙ্গে অপ্রীতিকর কিছু হয়েছে, এমন কথা তাঁর ঘোর শত্রুরাও বলতে পারবে না। নারী কিংবা ডোপ কেলেঙ্কারির ধারেকাছেও নেই। বান্ধবী আর সাত মাসের ছেলেকে নিয়ে সুখের সংসার। তিনি চারবারের বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। ২৫ বছর বয়সেই একজন সফল এবং আদর্শ মানুষ বলতে যা বোঝায় তিনি তা-ই। বাকি সবার জন্য মেসি ছিলেন উদাহরণ। ‘ছিলেন’ বলতে হচ্ছে কারণ পরশু তাঁর বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে সেটা সত্যি হলে মেসিকে আর ‘আদর্শ মানুষ’ কিংবা ‘ফুটবলের সুবোধ বালক’ অন্তত বলা যাবে না। কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে বার্সেলোনা তারকার বিরুদ্ধে। স্পেনের আয়কর বিভাগের অভিযোগ মেসি ও তাঁর বাবা হোর্হে হোরেসিও মিলে প্রায় ৪০ লাখ ইউরো কর ফাঁকি দিয়েছেন। ২০০৬ থেকে ২০০৯ পর্যন্ত আয়কর রিটার্নে ভুল তথ্য দেওয়ার অভিযোগে তাঁদের বিরুদ্ধে তদন্তও চলছে।স্পেনে বসবাসরত আর্জেন্টাইন অধিনায়কের বিরুদ্ধে দেশটির কর বিভাগ অভিযোগ তুলেছে, মেসি তাঁর ইমেজ-স্বত্ব বিক্রি করেছিলেন ইংল্যান্ড ও সুইজারল্যান্ডের দুটি কোম্পানির কাছে। সেখান থেকে উপার্জিত অর্থের কোনো হিসাব দেননি তিনি। বিশাল এ অর্থের পুরোটাই ওই দুই দেশ থেকে সরাসরি পাঠিয়ে দেওয়া হয়েছে কর ফাঁকির স্বর্গ বলে পরিচিত বেলিজ ও উরুগুয়েতে। স্পেনের নাগরিকত্ব পেয়েও পুরো ব্যাপারটা স্পেনের কর বিভাগের কাছ থেকে লুকিয়ে রেখেছেন মেসি। এবং এ কাজে তাঁকে সহযোগিতা করেছেন তাঁর বাবা হোর্হে। যদিও সংবাদমাধ্যমে খবরটা ফাঁস হয়ে যাওয়ার পর নিজের ফেসবুকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেসি লিখেছেন, ‘এমন অভিযোগে আমরা বিস্মিত। আমাদের কর উপদেষ্টার উপদেশ মেনে আয়করের সব রকম বাধ্যবাধকতা মেনে চলে আসছি। আশা করছি, তিনি এ ব্যাপারগুলো ব্যাখ্যা করবেন।’ পুত্র স্বভাবসুলভ বিনীত প্রতিক্রিয়া জানালেও অভিযোগটা শুনে খেপে গেছেন মেসির বাবা হোর্হে। স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএস-এর সঙ্গে সাক্ষাৎকারে সে রাগ চেপে রাখার চেষ্টাও করেননি তিনি, ‘পুরো ব্যাপারটাই ভুল। কর বিশেষজ্ঞ কিংবা আইনবিদ কারও সঙ্গে কথা বললেই এটা পরিষ্কার হবে। আর আমি কিছু জানি না কারণ এসব ব্যাপার আমি দেখতাম না। আমি তো আর্জেন্টিনায় থাকি।’মেসির প্রধান আইনজীবী আঙ্গেল হুয়ারেজ অবশ্য জানিয়েছেন, কর বিভাগ থেকে আনুষ্ঠানিক কোনো চিঠি পাননি তাঁরা, পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, ‘আমরা সংবাদমাধ্যমে এমন কিছু খবর দেখেছি। তবে আমি কিংবা আমার মক্কেল কর বিভাগ থেকে এ রকম কোনো চিঠি পাইনি। পেলে আমরা আইনি লড়াইয়ে নামব এবং আশা করছি ন্যায়বিচার পাব।’কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা জানা যাবে তদন্ত শেষ হওয়ার পর। কিন্তু খবরটা জানাজানি হওয়ার পর থেকে স্প্যানিশ সংবাদমাধ্যমজুড়ে চলছে মেসিকে নিয়ে আলোচনা-সমালোচনা। ক্রীড়া দৈনিক মার্কা তাদের প্রথম পাতাতেই ‘সিম্বল আন্ডার সাসপিশন’ শিরোনামের সংবাদে লিখেছে, ‘তাঁর বিরুদ্ধে এখনো কিছু প্রমাণিত হয়নি, শুধু অভিযোগ উঠেছে এবং অভিযোগটি গুরুতর।’ মাদ্রিদের আরেক দৈনিক এল মুন্ডো তো সরাসরিই লিখে দিয়েছে, ‘মেসি তাঁর এত দিনের ভাবমূর্তিতে কালিমালেপন করেছেন।’ আবার একেবারে উল্টো সুর বার্সেলোনার দৈনিক স্পোর্ত-এর পরিচালক হুয়ান ভেহিলসের কণ্ঠে, ‘এ রকম অন্যায় আচরণ মেসির প্রাপ্য নয়। তাঁর বিরুদ্ধে তদন্ত ঠিক আছে। কিন্তু অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই তাঁকে দোষী বলা ঠিক নয়।’ এএফপি।