ফাইনালের আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল লিওনেল মেসির টানা তৃতীয়বার সেরা গোলদাতা হওয়া। মেসির আগে হ্যাটট্রিকটা করেছিলেন জার্ড মুলার ও জ্যঁ-পিয়েরে পাপা। বায়ার্ন মিউনিখের মুলার ১৯৭২-৭৩ থেকে ১৯৭৪-৭৫ পর্যন্ত এবং মার্শেই ও ফ্রান্সের স্ট্রাইকার পাপা ১৯৮৯-৯০ থেকে ১৯৯১-৯২ পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। তবে এককভাবে টানা তিনবার সেরা হওয়ার রেকর্ডটি শুধুই মেসির। মুলার ১৯৭৪-৭৫ মৌসুমে ও পাপা তিনবারই যুগ্মভাবে সেরা হয়েছিলেন। প্রতিযোগিতার ৫৬ বছরের ইতিহাসে মেসি ছাড়া বার্সার আর মাত্র দুজন সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। ১৯৯৩-৯৪ মৌসুমে রোনাল্ড কোম্যান ও ১৯৯৯-২০০০-এ রিভালদো। ফাইনালের এক গোলসহ মোট ১২টি গোল করে মেসি নিস্টলরয়ের চ্যাম্পিয়নস লিগের রেকর্ড ছুঁয়েছেন। মাত্র ২ গোলের জন্য ভাঙতে পারলেন না ১৯৬২-৬৩ মৌসুমে এসি মিলানের হোসে আলতাফিনির ইউরোপিয়ান কাপের রেকর্ড। আলতাফিনি করেছিলেন ১৪ গোল। চ্যাম্পিয়নস লিগের ৭ মৌসুমে মেসির মোট গোল ৩৭টি।