প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিওনেল মেসি আরেকটি দুর্দান্ত হ্যাটট্রিক করে জেতালেন দলকে। পরশু লা লিগায় এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটাও করেছেন পুনরুদ্ধার। ২০১২ সালে শুধু লা লিগাতেই ৪৪টি গোল হয়ে গেছে মেসির। পেছনে ফেলেছেন গত বছর ক্রিস্টিয়ানো রোনালদোর ৪৩ গোলের রেকর্ড। ২০১১ সালে রোনালদো ভেঙেছিলেন ২০১০ সালে মেসিরই গড়া ৪২ গোলের রেকর্ড। বার্সেলোনার আর্জেন্টাইন জাদুকরকে হাতছানি দিচ্ছে আরও বড় এক রেকর্ড। এক বছরে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড থেকে মাত্র পাঁচ গোলের দূরত্বে দাঁড়িয়ে মেসি, যে রেকর্ডটা কিংবদন্তি পেলের দখলে। আর্জেন্টিনা ও বার্সার হয়ে ২০১২ সালে এরই মধ্যে ৭১ গোল করেছেন মেসি। ১৯৫৯ সালে সান্তোস ও ব্রাজিলের হয়ে ৭৫ গোল করেছিলেন পেলে। অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে টিকে থাকা রেকর্ডটা ভাঙল বলে!