মেসির চাওয়া স্পেনের শিরোপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এগিয়ে চলেছে ইউরোর কোয়ার্টার ফাইনালের লড়াই। এরই মধ্যে শেষ চারের দুটি দল নিশ্চিত হয়ে গেছে। সেমিফাইনালে উঠেছে পর্তুগাল ও জার্মানি। বাকি দুটি দল নিশ্চিত হবে আজ-কালের মধ্যেই।আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার দেশকে বলে ইউরো লড়াইয়ে দেশটি নেই। এর পরও আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি ইউরো নিয়ে ভাবছেন। মেসির চাওয়া, এবারের শিরোপাটা যাক স্পেনের ঘরে।মেসি যে স্পেনকে সমর্থন করবেন, এটাই স্বাভাবিক। তিনি বার্সেলোনায় খেলেন। বার্সায় তাঁর সতীর্থদের বড় অংশই যে স্পেনের খেলোয়াড়। কারণ অবশ্য আরও একটা আছে। স্পেন মেসির জন্মভূমি না হোক, এক অর্থে এটাই তাঁর দেশ। কারণ এখানকার আলো-বাতাসেই বেড়ে ওঠা আজকের মেসির। স্পেনকে সমর্থন করার ব্যাপারে প্রথম কারণটির কথাই বলেছেন মেসি।‘আমি স্বীকার করছি, ইউরোর খেলা খুব একটা দেখছি না। কে ফেবারিট, এ নিয়ে স্পষ্ট ধারণাও নেই আমার। তবে আমি চাই, শিরোপা জিতুক স্পেন। কারণ বার্সায় আমার সতীর্থদের অনেকেই স্পেনের।’ একটি চ্যারিটি ম্যাচ খেলতে কলম্বিয়ায় গিয়ে গতকাল শুক্রবার সাংবাদিকদের বলেন মেসি।গোল ডটকমের খবরে বলা হয়েছে, ২০১১ সালের কোপা আমেরিকায় মেসির পারফরম্যান্স নিয়ে সম্প্রতি নেতিবাচক মন্তব্য করেছিলেন পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো। এ নিয়ে প্রশ্ন করা হলে বিতর্কের পথে না গিয়ে মেসি বলেন, ‘ক্রিস্টিয়ানো যা বলেছে, এ নিয়ে সত্যি কিছু বলার নেই আমার।’মাত্র ১১ বছর বয়সে শরীরে গ্রোথ হরমোনের অভাব ধরা পড়েছিল মেসির। তত দিনে যুব দলের হয়ে নিজের উত্থানের ইঙ্গিত দেন মেসি। ছোট্ট মেসির ফুটবল নৈপুণ্যে মুগ্ধ হয় সবাই। কিন্তু সমস্যা দাঁড়ায়, চিকিত্সা বাবদ প্রতি মাসে মেসির প্রয়োজন ছিল ৯০০ ডলার। ওই সময় আর্জেন্টিনা ছিল চরম অর্থনৈতিক সংকটে। তা ছাড়া কোনো ক্লাবই মেসির পেছনে এত অর্থ খরচে আগ্রহী ছিল না।মেসির ফুটবল ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারত ওখানেই, কিন্তু হয়নি। ভাগ্যের সহায় আর ‘জাদুকরী’ ফুটবল প্রতিভার জন্য তিনি নজরে পড়ে যান স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। আর এখান থেকেই ‘দ্বিতীয়’ জীবন শুরু হয় মেসির। তিনি পাড়ি জমান স্পেনে।আর্জেন্টিনার চিকিত্সকেরা আশঙ্কা করেছিলেন, গ্রোথ হরমোনের অভাবের কারণে মেসি বড়জোর ৪ ফুট ৭ ইঞ্চি লম্বা হতে পারেন। কিন্তু মেসির উন্নত চিকিত্সা নিশ্চিত করতে ক্লাবের ইতিহাসে রেকর্ড পরিমাণ অর্থ খরচ করে বার্সা। যার ফল, আজকের মেসি—উচ্চতায় ৫ ফুট ৭ ইঞ্চি, দাপিয়ে বেড়াচ্ছেন গোটা ফুটবল বিশ্ব।