মেসির চেয়ে এগিয়ে রোনালদো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেতরে ভেতরে একটা আক্ষেপ নিশ্চয়ই ছিল। ক্রিস্টিয়ানো রোনালদো ও তাঁর সমর্থকদের। এত কিছু করেও চার বছর ধরে ব্যালন ডি’অর অধরা পর্তুগিজ উইঙ্গারের। ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার এই চারবারই জিতে নিয়েছেন লিওনেল মেসি। সেই রোনালদো এবার ব্যক্তিগত পারফরম্যান্সে মেসির চেয়ে অনেক এগিয়ে। স্বভাবতই ২০১৩ সালের ফিফা-ব্যালন ডি’অরের সবচেয়ে বড় দাবিদার হিসেবে মনে করছেন তাঁকে অনেকে। এই দলে এবার নাম লেখালেন রোনালদোর রিয়াল মাদ্রিদ সতীর্থ সার্জিও রামোসও। এ মুহূর্তে মেসির চেয়ে নিজের ক্লাবসঙ্গীকেই এগিয়ে রাখলেন রিয়াল ডিফেন্ডার।

এ বছর এখন পর্যন্ত ক্লাব ও দেশের হয়ে ৬৩ গোল করেছেন রোনালদো। সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মেসি ৪৫ গোল নিয়ে বেশ পিছিয়ে তাঁর চেয়ে। এ কারণেই বর্ষসেরা ফুটবলার হিসেবেও রোনালদোকে এগিয়ে রাখতে কোনো দ্বিধা নেই রামোসের, ‘সম্ভবত এ বছর রোনালদো দেখিয়ে দিয়েছে ওরই ব্যালন ডি’অর জেতা উচিত। কারণ ওকে এ মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে দেখা হচ্ছে। মেসি সম্ভবত এ মুহূর্তে এক ধাপ পিছিয়েই আছে।’

এই দুজনের পাশাপাশি ব্যালন ডি’অরের দাবিদার হিসেবে শোনা যাচ্ছে এবার ইউরোপের বর্ষসেরা ফুটবলার হওয়া ফ্রাঙ্ক রিবেরির নামও। ওদিকে কিছুদিন আগে পছন্দের ফুটবলারের কথা বলতে গিয়ে রোনালদোর চেয়ে মেসিকে এগিয়ে রেখেছিলেন ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার। তবে সেরা খেলোয়াড়ের পুরস্কারের ক্ষেত্রে খেলোয়াড়ের পারফরম্যান্সটাই বিবেচনা করা উচিত বলে মনে করেন রামোস, “ব্যালন ডি’অর আপনি সেই খেলোয়াড়কেই দেবেন যে ওই সময়ের সেরা খেলোয়াড়। ব্যক্তি মানুষ হিসেবে কোন খেলোয়াড়টি কেমন, এটা বিবেচনায় আনা উচিত নয়।” এএফপি।

চোটের কারণে যিনি পিছিয়ে পড়েছেন রোনালদোর সঙ্গে দ্বৈরথে, সেই মেসিকে মাঠের বাইরে থাকতে হবে প্রায় দুই মাসের মতো। কোনো সন্দেহ নেই, তাঁর অভাবটা অনুভব করবে বার্সেলোনা। তবে ঘন ঘন এমন চোটের হাত থেকে বাঁচতে মেসিকে আরও স্বার্থপরের মতো মাঠে নিজের খেয়াল রাখতে হবে বলে মনে করেন তাঁর ক্লাব ও জাতীয় দলের সতীর্থ হাভিয়ের মাচেরানো, ‘আমার মনে হয়, পৃথিবীতে সবচেয়ে স্বার্থপর মানুষ হওয়া উচিত ওর। আমি এটা ইতিবাচক অর্থে বলছি, কারণ নিজের দেখাশোনার কাজটা ওর নিজেকেই করতে হবে।