মেসির চেয়েও ওজিল ভালো!
কাগজে-কলমে লিওনেল মেসি ফরোয়ার্ড আর মেসুত ওজিল উইঙ্গার। কিন্তু এই বিশ্বকাপে দুজনেই খেলছেন উইংয়ে। এ ছাড়া মেসি ও ওজিলের মধ্যে তুলনা করার মতো কিছু ছিল না; অন্তত এই বিশ্বকাপের আগ পর্যন্ত তো না-ই। অথচ একটা বিশ্বকাপ ওজিলকে কোথায় তুলে দিল!প্রতিটি ম্যাচ গড়াচ্ছে আর মেসির সঙ্গে তাঁর তুলনা চলছে। এবার আর তুলনা নয়, ওজিলের ক্লাব ভের্ডার ব্রেমেনের মহাব্যবস্থাপক ক্লাউস অ্যালোফস বলছেন, মেসির চেয়েও ভালো খেলছেন এখন ওজিল। জার্মানির অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২১ দলে এবং ভের্ডার ব্রেমেনে ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে গত বছরই জাতীয় দলে সুযোগ পেয়েছেন। ভালো খেলছিলেনও। তাই বলে ১০ ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়েই ২১ বছর বয়সী ওজিল জার্মানির সেরা একাদশে নেমে পড়বেন, এটা ভাবা একটু কঠিনই ছিল। কিন্তু জোয়াকিম লো ওজিলের ওপরই আস্থা রাখলেন।ঘানার বিপক্ষে বাঁ পায়ের ভলিতে দুর্দান্ত এক গোল করে আস্থার প্রতিদান দিয়েছেন। কিন্তু টুর্নামেন্টে ওজিলের পারফরম্যান্স বোঝাতে এই গোল যথেষ্ট নয়। দারুণ পাসিং, দুরন্ত গতির পাল্টা-আক্রমণ, সতীর্থদের বল বানিয়ে দেওয়ার প্রবণতা মিলিয়ে পূর্ণাঙ্গ এক প্যাকেজ হয়ে উঠেছেন এই তরুণ জার্মান।ফলে এই বিশ্বকাপেই তাঁর সঙ্গে তুলনা হচ্ছে লিওনেল মেসির। পশ্চিম জার্মানির হয়ে ১৯৮০ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতা ফুটবলার হর্স্ট রুবেচস কিছুদিন আগে বলেছিলেন, ‘আমাদের মেসির নাম মেসুত ওজিল।’আর ওজিলের ক্লাব মহাব্যবস্থাপক ক্লাউস অ্যালোফস বলছেন, ‘আমি এই বিশ্বকাপে মেসুতের চেয়ে ভালো খেলতে কাউকে দেখিনি। ওজিল অসাধারণ খেলোয়াড়। বলতে পারেন বিশ্বমানের খেলোয়াড়। দক্ষিণ আফ্রিকায় ওর চেয়ে কার্যকর খেলা কাউকে খেলতে দেখিনি; লিওনেল মেসিকেও নয়।’অবশ্য কেউ চাইলে ক্লাউস অ্যালোফসের কথায় অন্য উদ্দেশ্য খুঁজতে পারেন। ভের্ডার ব্রেমেনের সঙ্গে ওজিলের চুক্তি শেষ হয়ে যাচ্ছে এক বছর পর। ওজিল নাকি চুক্তিটা আর লম্বা করতে আগ্রহী নন। ওদিকে ইউরোপিয়ান বড় বড় ক্লাব বিশ্বকাপে ওজিলের পারফরম্যান্স দেখে তাঁকে দলে ভেড়াতে চাইছে। সে কারণেই কি অ্যালোফস ওজিলকে খুশি করার চেষ্টা করছেন? তাতে খুব একটা লাভ হবে বলে মনে হয় না। ওজিলের এজেন্ট রেজা ফাজেলি বলছেন, ‘মেসুত ওজিল অনেক বছর ধরেই বার্সেলোনার ফ্যান। কিন্তু এই মুহূর্তে এসব বিষয়ে নয়, ও শুধু বিশ্বকাপেই মনোযোগ দিচ্ছে।’তাহলে আর কী! আগামী ম্যাচেই মেসির সঙ্গে ‘নতুন মেসি’র দেখা হয়ে যাচ্ছে! ওয়েবসাইট।