মেসির চোখে জল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোঝাই যাচ্ছে প্রিয় গুরুর বিদায়ে কতটা ব্যথিত মেসি। ছবি: ওয়েবসাইট।
বোঝাই যাচ্ছে প্রিয় গুরুর বিদায়ে কতটা ব্যথিত মেসি। ছবি: ওয়েবসাইট।

বিশ্বব্যাংকের ২০১২ সালের পরিসংখ্যানে স্পেনের গড় আয়ু বলা হয়েছে ৮২ বছর। হয়তো ২০১৪ সালে এ তথ্যে সামান্য এদিক-ওদিক হলেও হতে পারে। এ সব তথ্য-পরিসংখ্যান জেনে টিটো ভিলানোভার ভক্তদের নিঃশ্বাস কেবলই ভারী হবে। আফসোস হবে—আহ! স্প্যানিশ গড় আয়ুর ধারেকাছেও যেতে পারলেন না টিটো! মাত্র ৪৫ বছর বয়সে চলে গেছেন জীবন নদীর ওপারে। টিটোকে ‘আনুষ্ঠানিকভাবে’ বার্সেলোনা বিদায় জানাল গতকাল। অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে নিজেকে ধরে রাখতে পারলেন না লিওনেল মেসি। চোখের কোণে চিকচিক করল অশ্রুকণা।
মেসির মনে হয়তো তখন অজস্র স্মৃতির মিছিল। বিজয়ের আনন্দ, পরাজয়ের বেদনা—সবই তো একই সঙ্গে ভাগ করে নেওয়া। দলের বাজে সময়ে পরম স্নেহে প্রিয় শিষ্যদের আগলে রেখেছেন। আবার সুসময়ে সবাইকে নিয়ে আনন্দে ভেসেছেন। সবই এখন স্মৃতি। এত তাড়াতাড়ি মর্ত্যলোক থেকে বিদায় নেবেন টিটো, তা কে ভেবেছিল!          
এদিন বার্সার গির্জায় পুরো দল উপস্থিত হয়েছিল প্রিয় কোচকে বিদায় জানাতে। অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত ছিলেন ভিলানোভার স্ত্রী ও দুই সন্তান। শেষ বিদায় জানাতে এসেছিলেন বর্তমান বার্সা কোচ জেরার্ডো মার্টিনো, সভাপতি জোসেপ বার্তোমেউ ও অন্য বোর্ড সদস্যরা। সবার চোখেই তখন জল ছলছল। প্রিয় গুরুর বিদায়ে আবেগ ছুঁয়েছিল মেসিদেরও। নিঃসীম অন্তরীক্ষ থেকেই হয়তো কাছের-দূরের মানুষদের ভালোবাসা দেখছেন টিটো। ওয়েবসাইট।