মেসির চোখে নেইমার ‘ভালো ছেলে’
এক বনে দুই বাঘ থাকলে সংঘাত অনিবার্য—কথাটি মাথায় রেখেই মেসি-নেইমার জুটির ভবিষ্যত্ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন ইয়োহান ক্রুইফ। ডাচ কিংবদন্তির এই আশঙ্কা তাত্ক্ষণিকভাবে উড়িয়ে দিয়েছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকা এবার বললেন, আগামী মৌসুমে নেইমারই অন্য দলগুলোর সঙ্গে বার্সার পার্থক্য গড়ে দেবে।আজ বুধবার এক সংবাদ সম্মেলনে বার্সায় নতুন সতীর্থ নেইমারের প্রশংসায় মেতে উঠলেন মেসি, ‘নেইমার দারুণ খেলোয়াড়। বার্সায় খাপ খাওয়াতে ওর কোনো সমস্যা হবে না। মাঠের বাইরেও সমস্যায় পড়তে হবে না ওকে। নেইমার খুব ভালো ছেলে।’গত মৌসুমে স্প্যানিশ লিগ শিরোপা পুনরুদ্ধার করেছে বার্সা। তবে চ্যাম্পিয়নস লিগ শিরোপা থেকে যায় অধরা। বিদায়ঘণ্টা বাজে সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরে। মেসির বিশ্বাস, আগামী মৌসুমে বার্সাকে বদলে দিতে বড় ভূমিকা পালন করবেন নেইমার, ‘ও দলকে অনেক কিছু দেবে। নেইমার খুবই প্রভাববিস্তারী খেলোয়াড়। আগামী মৌসুমে সে-ই অন্যদের সঙ্গে পার্থক্য গড়ে দেবে।’চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়াকে প্রেরণার উত্স হিসেবেই দেখছেন টানা চারটি ফিফা ব্যালন ডি’অরজয়ী, ‘গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগে হার এ বছর বাড়তি প্রেরণা জোগাবে। এটা আমাদের জন্য চ্যালেঞ্জের। বায়ার্ন খুব ভালো দল। পেপ গার্দিওলা যোগ দেওয়ায় দলটি আরও শক্তিশালী হয়েছে।’চলতি মাসে দুজন সতীর্থকে হারিয়েছেন মেসি। থিয়াগো আলকানতারা বার্সা ছেড়ে যোগ দিয়েছেন বায়ার্নে। ডেভিড ভিয়া চুক্তিবদ্ধ হয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে। এ ব্যাপারে সে রকম কিছুই বলতে রাজি হননি মেসি, ‘থিয়াগো? এটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। ওর মনে হয়েছে, বায়ার্নে সে বেশি খেলার সুযোগ পাবে। ভিয়া? ওকে নিয়ে অ্যাটলেটিকোর লাভই হয়েছে। সে সত্যিকারের গোলস্কোরার।’সম্প্রতি মেসি ও তাঁর বাবার বিরুদ্ধে স্পেনে ওঠা করফাঁকির অভিযোগ নিয়েও কথা বলেছেন বার্সা তারকা, ‘ব্যাপারটা নিয়ে আমি ভাবছি না। দেখা যাক, কী হয়। আমাদের আইনজীবীরা তা দেখছেন। তাঁদের ওপর আমাদের আস্থা রয়েছে।’