মেসির চোট গুরুতর নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে পাওয়া লিওনেল মেসির চোট গুরুতর নয়। বার্সার আর্জেন্টাইন সুপারস্টার মেসি আজ বুধবার নিজেই এ তথ্য জানিয়েছেন।চ্যাম্পিয়নস লিগের খেলায় গতকাল মঙ্গলবার রাতে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে ২-২ গোলে ড্র করে বার্সেলোনা। ওই ম্যাচের প্রথমার্ধে দলকে একটি গোল উপহার দেওয়ার পর চোট পেয়ে মাঠ ছাড়েন মেসি। স্থানীয় গণমাধ্যমের খবর ছিল, অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হবে বার্সার এই প্রাণভোমরাকে। তবে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে দেওয়া এক বার্তায় মেসি বলেন, ‘দ্রুতই ফিরে আসব আমি। ভাগ্য ভালো, চোটটা গুরুতর কিছু নয়।’বার্তা সংস্থা রয়টার্সের খবর, লা লিগায় আগামী শনিবার রিয়াল মালোর্কার বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না মেসি। বার্সেলোনার পক্ষ থেকে জানানো হয়েছে, মেসি কখন মাঠে ফিরবেন, এটা নির্ভর করছে তাঁর অবস্থার অগ্রগতির ওপর।পিএসজির বিপক্ষে ম্যাচে চোট পেয়েছেন মেসির সতীর্থ হাভিয়ের মাচেরানোও। আর্জেন্টাইন তারকা এই ডিফেন্ডারের হাঁটুর লিগামেন্ট মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ম্যাচের ৮৪ মিনিটে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় তাঁকে। ছয় সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হবে মাচেরানোকে।মাচেরানোর প্রতি সমবেদনা প্রকাশ করে ফেসবুক বার্তায় মেসি বলেন, ‘ওর জন্য আমাদের দুঃখ হচ্ছে। ও যেন দ্রুত ফিরে আসতে পারে, সেই চেষ্টাই করে যাব আমরা।’২৫ বছর বয়সী মেসিকে খুব কম সময়ই ইনজুরিতে পড়তে দেখা গেছে। সর্বশেষ তিনি চোটের কারণে মাঠের বাইরে থেকেছেন ২০০৯ সালের নভেম্বরে। সেটা অবশ্য দীর্ঘ ছিল না। পেশির চোট কাটিয়ে মাত্র এক সপ্তাহ পরই মাঠে নেমেছিলেন মেসি।