মেসির চোট বার্সায় সংকট
তাঁর জন্য অভিজ্ঞতাটা বিরল। গত চার মৌসুমে প্রতিবারই কমপক্ষে পঞ্চাশটি করে ম্যাচ খেলেছেন। এখান থেকেই বোঝা যায় শুধু ফুটবল-প্রতিভায় নয়, লিওনেল মেসি শারীরিকভাবেও কত ফিট। এই মৌসুমে সব মিলিয়ে বার্সা খেলেছে ৪৭ ম্যাচ, মেসি খেলেছেন এর ৪৫টিই। সেই মেসির পরশু বিরতিতে জায়গা হলো বেঞ্চে। পাঁচ বছর পর এই প্রথম মেসিকে উঠে আসতে হলো প্রথমার্ধ শেষেই। তা হোক। বার্সেলোনা সমর্থকদের কাছে এখন কোটি টাকার প্রশ্ন—মেসির হ্যামস্ট্রিংয়ের চোট কতটা গুরুতর? একই ম্যাচে মেসিরই আর্জেন্টাইন-সতীর্থ হাভিয়ের মাচেরানো ছয় সপ্তাহের জন্য ছিটকে পড়েছেন মাঠের বাইরে। বার্সার বুক কেঁপে উঠেছিল। শোনা গিয়েছিল, মেসিকেও কমপক্ষে তিন সপ্তাহ থাকতে হবে মাঠের বাইরে। বার্সেলোনা অবশ্য সমর্থকদের নির্ভার করেছে এই বলে, মেসির চোট এতটা গুরুতর কিছু নয়। কিন্তু তার পরও নির্ভার সবাই হতে পারছে কই! বার্সার জন্য মহাগুরুত্বপূর্ণ হয়ে ওঠা ১০ এপ্রিলের ফিরতি লেগটায় মেসি খেলতে পারবেন কি না, এটি অনিশ্চিত। এটা নিশ্চিত শনিবারের লিগের ম্যাচটা খেলা হচ্ছে না নিজের পঞ্চাশ গোল থেকে সামান্য দূরে থাকা মেসির। শনিবার নিজেদের মাঠে বার্সা খেলবে মায়োর্কার বিপক্ষে।মেসি নিজেও ভক্তদের অভয় দিচ্ছেন, ‘আমি দ্রুতই ফিরে আসব। ভাগ্য ভালো, এটা গুরুতর কোনো চোট নয়। মাসচের (মাচেরানো) জন্য খারাপ লাগছে। ওর যত দ্রুত সম্ভব মাঠে ফেরার ব্যাপারে আমরা সব রকম সাহায্যই করব।’ফিরতি লেগটা মাচেরানো অবশ্য এমনিতেই খেলতে পারতেন না হলুদ কার্ডের খাঁড়ায়। তবে লিগে তাঁর প্রয়োজন ছিল ভীষণ। সেন্টারব্যাকের পুরোনো সংকট থেকে দলকে উদ্ধার করতেই মাঝমাঠ থেকে রক্ষণে নেমে গিয়েছিলেন। নতুন ভূমিকায় মানিয়ে নিয়েছিলেন দ্রুত। কিন্তু আবার সেই সংকটই তৈরি করে ছিটকে গেলেন মাঠের বাইরে। ফিট হয়ে পুরো ছন্দ নিয়ে ফিরতে ফিরতে লিগের লড়াই হয়তো শেষই হয়ে যাবে বার্সার। চোট তো মূল সেন্টারব্যাক কার্লোস পুয়োলের মৌসুমই প্রায় শেষ করে দিয়েছে আরও আগে। অন্যজন জেরার্ড পিকে দলকে বাঁচাতে গিয়ে বিপদ ডেকে আনছেন।বার্সা সেমিফাইনালে হয়তো যাবে। কিন্তু মেসি না থাকলে, তারপর? এই মৌসুমে মেসির ৫৭ গোলের পর দ্বিতীয় সর্বোচ্চ গোল ডেভিড ভিয়ার (১৪টি)। এখান থেকেই বোঝা যায় দলে তাঁর অপরিহার্যতা। জাভি যদিও মুখে বলছেন, মেসি ছাড়াও বার্সা বার্সাই, কিন্তু সত্যটা সবাই জানে। ভক্তদের তাই একটাই প্রার্থনা—দ্রুত সেরে ওঠো লিও! রয়টার্স।