মেসির জন্য কেন ঘুম নষ্ট!
প্রতিপক্ষের কোচ অথবা ডিফেন্ডার—কতজনকেই না নির্ঘুম রাত উপহার দিয়েছেন লিওনেল মেসি! বার্সেলোনার আর্জেন্টাইন তারকাকে কীভাবে আটকাবেন, এই পরিকল্পনা করেই কাটে তাঁদের বিনিদ্র রজনী। তবে চিলি কোচ ক্লদিও বোর্গি কাল হয়ে যাওয়া বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগে মেসিকে নিয়ে ঘুম নষ্ট করেননি এতটুকুও! কেন, মেসিকে কি মোটেই ভয় পায় না চিলি? আসলে ব্যাপারটি সে রকম নয়। মেসিকে আটকানো সম্ভব নয়, তাঁকে নিয়ে ঘুম নষ্ট করে পরিকল্পনা সাজিয়ে লাভ নেই—বোর্গির দর্শনটা এ রকম। ‘মেসিকে আটকানোর রেসিপি কারও কাছে নেই। প্রতি ম্যাচেই সে গোল করে এবং ভালো খেলে। মেসির জন্য আপনি একজন সার্বক্ষণিক মার্কার রাখতে পারেন, ডিফেন্সে তিনজন বা চারজন খেলাতে পারেন; এর পরও মেসিকে আটকানো সম্ভব নয়’—বলেছেন চিলি কোচ। মেসি আবার প্রশংসায় ভাসিয়েছেন বোর্গির দলকে। ‘সবাই জানে চিলি কেমন খেলে। চিলি প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করে খেলতে পছন্দ করে। নিজেদের কাছে বল থাকলে গতিময় ফুটবল খেলে তারা’—ম্যাচের আগে সতীর্থদের সতর্ক করেছেন আর্জেন্টিনার অধিনায়ক। ওয়েবসাইট।