মেসির জন্য চাই শান্তি

দলীয় খেলায়ও ভাগ্য একাই গড়ে দেওয়ার সামর্থ্য থাকে কারও কারও। তবে সেই জাদু দেখাতে আবার পাশে প্রয়োজন হয় দলকেই! মহাকাশবিজ্ঞানের নতুন আবিষ্কৃত কোনো তত্ত্ব নয় এটি। তবে জানা কথাটিই আরেকবার মনে করিয়ে দিলেন আলেসান্দ্রো সাবেলা। ২৮ বছরের বিশ্বকাপ-খরা কাটাতে লিওনেল মেসির দুই পায়ের দিকে তাকিয়ে আর্জেন্টাইনরা। আর্জেন্টিনার কোচ বলছেন, মেসিকে প্রস্ফুটিত করতে দলের সবাইকে হতে হবে দক্ষ মালি!
এমনিতে সময় খুব একটা ভালো যাচ্ছে না খুদে জাদুকরের। তাঁর বাজে সময়ের হাত ধরাধরি করে এসেছে বার্সেলোনার দুঃসময়। অভাবনীয় সব সমালোচনার তিরও ছুটে যাচ্ছে তাঁর দিকে। বার্সার ব্যাপার নিয়ে সাবেলার ভাবনা নিশ্চয় সামান্যই। তিনি বরং শঙ্কায় থাকতে পারেন বিশ্বকাপের আগে আগে মেসির এমন বিবর্ণ চেহারা নিয়ে।
শঙ্কাটাকে যদিও কপালের ভাঁজ হতে দেননি সাবেলা। তবে দলের প্রাণভোমরাকে স্বরূপে দেখা দিতে বাকিদের কর্তব্যটা মনে করিয়ে দিলেন, ‘মেসি ভালোই আছে, তবে আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে ওকে সম্ভব সর্বোচ্চ সাহায্য করতে। ব্যক্তি হিসেবে মেসি এখন অনেক পরিণত, ওর ভেতরটা এখন শান্তিময়। তবে আমাদের এমন একটা আবহ তৈরি করতে হবে, যা ওকে সুখী রাখে। ওকে নিরুদ্বিগ্ন রাখতে হবে আমাদের।’
১৯৯০ ইতালি বিশ্বকাপের পর আর শেষ চারে পা রাখতে পারেনি ডিয়েগো ম্যারাডোনার দেশ। সাবেলার প্রথম লক্ষ্য এবার ব্যর্থতার এই বৃত্ত ভাঙা। তবে কাজটা যে সহজ হবে না, সেটাও জানেন, ‘আমাদের লক্ষ্য হওয়া উচিত শেষ চার, অনেক দিন যেখানে যেতে পারেনি আর্জেন্টিনা। তবে আমাদের ধাপে ধাপে ভাবতে হবে। শেষ চারে ওঠা সহজ নয়। শেষ ষোলো বা শেষ আটে কঠিন প্রতিপক্ষ থাকবে, একটি বাজে দিন এলেই ওই দলগুলো আমাদের বাড়ি পাঠিয়ে দিতে পারে।’
ব্রাজিল থেকে সাবেলাদের ‘বাড়ি’ কিন্তু বেশি দূরে নয়। আর্জেন্টিনা তো ব্রাজিলের প্রতিবেশী দেশই। এটা তো আর্জেন্টিনার পক্ষেই কাজ করার কথা। তবে সাবেলা একটু অন্যভাবে ভাবছেন, ‘আর্জেন্টিনা সাধারণত ফেবারিট হিসেবেই বিশ্বকাপে যায়। তারা চ্যাম্পিয়ন হবে বলে আবেগ, ভাবনা, সম্ভাবনা থাকে। এবার তা আরেকটু বেশি, কারণ মেসি এখন জাতীয় দলেও দীপ্তি ছড়াচ্ছে এবং আমরা খেলছি প্রতিবেশী দেশে, যা অনেকটা নিজ দেশের মতোই। তবে মনে রাখতে হবে আমাদের প্রতিবেশী বিশ্বকাপের সবচেয়ে সফল দল, পাঁচবারের চ্যাম্পিয়ন। এবার তাই আমরা বরং যেকোনো সময়ের চেয়ে আরও বেশি অতিথি।’ রয়টার্স।