মেসির জন্য প্রয়োজনে কৌশল বদলাবেন ম্যারাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪ বছরের হাহাকার ডিয়েগো ম্যারাডোনা এবং আর্জেন্টিনার। দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ জিতে এই হাহাকার মেটাতে চায় তারা। আর্জেন্টিনার এই স্বপ্নপূরণ সম্ভব হবে তখনই, যখন লিওনেল মেসি আবির্ভূত হবেন তাঁর সেরা রূপে। ফুটবল বিশ্বের বর্তমান আলোচনা এখন এটা নিয়েই—আর্জেন্টিনার বিশ্বকাপ জয় আসলে নির্ভর করছে মেসির জ্বলে ওঠার ওপরেই। মেসিকে নিয়ে সংশয়টা জাগছে কারণ, বার্সেলোনার মেসি যতটা উজ্জ্বল, আর্জেন্টিনার মেসি ততটা নন। তবে বিশ্বকাপ জিততে মরিয়া কোচ ম্যারাডোনা মেসিকে আর্জেন্টিনার জার্সিতেও অমন জ্বলে ওঠার সুযোগ দিতে যা করা দরকার, তাই করতে প্রস্তুত। প্রয়োজনে তিনি তাঁর কৌশলও পরিবর্তন করতে রাজি, ‘ওর ভালোর জন্য যদি আমাকে কৌশল আর পরিকল্পনা বদলাতে হয়, আমি সেটা করতেও রাজি আছি।’কিছুদিনের মধ্যেই বিশ্বকাপের চূড়ান্ত দল দিতে হবে। এর আগে ম্যারাডোনা তাঁর খেলোয়াড়দের শেষবারের মতো দেখে নিতে চান। এ কারণেই ইউরোপ সফর করে এলেন সম্প্রতি। মাঠে গিয়ে দেখেছেন খেলা। স্পেনে খেলা-টেলা দেখে ফেরার সময় বিশেষ কথা বলে এসেছেন মেসির সঙ্গে। কী কথা হয়েছে আর্জেন্টিনার স্বপ্ন-সারথির সঙ্গে সেটা বলেননি, তবে মেসির সঙ্গে তাঁর কথার ধরনটা কেমন ছিল সেটা বোঝাতে গিয়ে ম্যারাডোনা বলেছেন, ‘সবচেয়ে আবেগপ্রবণ কথোপকথন হয়েছে আমাদের। মেসি যা চায় সে ব্যাপারে আমি আশ্বস্ত। তাই করতে আমি রাজি হয়েছি। ওর ওপরে পূর্ণ আস্থা আছে আমাদের।’কেউ কেউ এখন মেসিকে ম্যারাডোনার চেয়েও এগিয়ে রাখছেন। ম্যারাডোনা নিজেও মেসির মধ্যে দেখতে পান নিজের ছায়া। কিন্তু তাঁকেই ছাড়িয়ে যাওয়া প্রসঙ্গে কী বলবেন? ম্যারাডোনার উত্তর, ‘কেউ যদি আমাকে ছাড়িয়ে যায়, সে যেন একজন আর্জেন্টাইনই হয়।’ ওয়েবসাইট।