মেসির জন্য ব্রাজিলিয়ান সমাধান
‘মেসি বার্সেলোনার হয়ে যত ভালো খেলেন, আর্জেন্টিনার হয়ে ততটা নয়’—এই বদনামটা প্রথম দুই ম্যাচে ঘোচাতে পারেননি। বলিভিয়া ও কলম্বিয়ার বিপক্ষে ড্র ম্যাচে নিষ্প্রভ থাকা বার্সেলোনার আর্জেন্টাইন তারকাকে শুনতে হয়েছে সমর্থকের ‘দুয়ো’। সইতে হচ্ছে সমালোচনা।মেসির এই অপমান আর সমালোচনা সহ্য করতে পারেননি তাঁর সাবেক কোচ ডিয়েগো ম্যারাডোনা। প্রতিবাদ করে মেসি-সমালোচকদের ‘গর্দভ’ বলেছেন আর্জেন্টিনার গত বিশ্বকাপের কোচ। মেসির অপমান ভালো লাগছে না ব্রাজিলের মেইয়া হোরা পত্রিকার সাংবাদিক রেনাতো মরিসিও প্রাদোরও। মেসির জন্য একটি সমাধান খুঁজে বের করেছেন রেনাতো।রেনাতোর সমাধানটা এ রকম—ব্রাজিলেরও যেহেতু একজন প্লে-মেকার প্রয়োজন আর মেসিকেও নিজের দেশের মানুষের দুয়ো শুনতে হচ্ছে, তাহলে মেসিকে ব্রাজিলে পাঠিয়ে দিলেই হয়।‘আর্জেন্টাইনরা যদি মেসিকে না চায়, তাহলে আমাদের এখানে পাঠিয়ে দিলেই হয়’—এই বলেই চুপ করে নেই রেনাতো। মেসিকে ব্রাজিলে পেতে একটি অনলাইন স্বাক্ষর গ্রহণ অভিযানও শুরু করে দিয়েছেন। তবে আজকের ম্যাচের আগে কিছু আর্জেন্টাইন সমর্থক মেসির সমর্থনে প্ল্যাকার্ড লিখে নিয়ে গিয়েছিল অনুশীলনে। ওয়েবসাইট।