মেসির জন্য রোনালদোর বাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদো
রোনালদো

কয়দিন আগে বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো বলেছিলেন, লিওনেল মেসিই হতে যাচ্ছেন টানা পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর বিজয়ী! এর মধ্যে আরও অনেক কিছুই হয়ে গেছে। কিন্তু নিজের ধারণা থেকে সরে আসেননি দ্য ফেনোমেনন। তিনি যেন গাইছেন ‘তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি’! মেসি এবার ব্যালন ডি’অর জিতবেন, এ নিয়ে বাজি ধরতেও রাজি রোনালদো।

একটি প্রীতি পোকার টুর্নামেন্টে অংশ নিতে আসা রোনালদোকে জিজ্ঞেস করা হয়েছিল কে জিতছে এবার ব্যালন ডি’অর? যাবতীয় সংশয়-সন্দেহ ফুত্কারে উড়িয়ে সোজাসাপ্টা জানিয়ে দিলেন, ‘মেসির জন্য যেকোনো বাজি ধরতে পারি! ও এক অবিশ্বাস্য খেলোয়াড়। ছেলেটা এত্ত দারুণ খেলে। কিন্তু গত মাসেই ইনজুরিতে পড়ে গেল!’ কয়দিন আগে মেসির ইনজুরি নিয়ে দারুণ এক মন্তব্যও করেছিলেন, ‘মনে রাখবেন, বিশ্রাম মানে ব্যাটারিটা চার্জ করে নিচ্ছে ও।’

‘মেসিভক্ত’ হলেও পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদোকেও খাটো করে দেখেন না ফেনোমেনন। এ ক্ষেত্রে তাঁর কৌশলী উত্তর, ‘দুজনে সমানে সমান। ফলে ক্রিস্টিয়ানোও পুরস্কারটি পাওয়ার যোগ্য। আদতে গত পাঁচ-ছয় বছর ওরা দুজনই সেরা!’ সূত্র: মার্কা