মেসির জন্যই আর্জেন্টিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসি
মেসি

কিংবদন্তি ব্যান্ড বিটলসের ‘হেই জুড’ গানের একটা লাইন এ রকম, ‘ডোন্ট ক্যারি দ্য ওয়ার্ল্ড আপন ইয়োর শোল্ডার্স’। বাংলা করলে কাছাকাছি অর্থটা দাঁড়ায়, ‘সব চাপ নিজের ঘাড়ে নিয়ো না।’ ভাগ্যিস, পল ম্যাকার্টনি গানটা এ যুগে লেখেননি। লিওনেল মেসিকে দেখলে হয়তো লাইনটা আর লিখতেনই না!
ফুটবল খেলাটা ১১ জনের। তবে আর্জেন্টিনার জন্য এটা এমন একটা খেলা যেখানে মেসি খেলেন ও অন্যরা দেখেন। এই বিশ্বকাপের চিত্রনাট্যই তো হয়ে গেছে এটা। আর্জেন্টিনা দলের নাম বদলে এখন ‘মেসি ও ওরা ১০ জন’ রাখলে বোধ হয় কেউ খুব বেশি আপত্তি করবেন না।
ক্রমাগত ‘মেসি, মেসি’ কোরাসে আর্জেন্টিনার বাকি খেলোয়াড়দের একটু বিরক্তই হওয়ার কথা। ডি মারিয়া, হিগুয়েইনরা তো আর বানের জলে ভেসে আসেননি! সবচেয়ে বড় কথা, এই ‘অতি মেসিনির্ভরতা’ ফুটবলের মতো একটা দলীয় খেলার জন্য আখেরে ভালো কিছু না-ও নিয়ে আসতে পারে। কিন্তু মাঝে মাঝে আসলে কুশীলবের ভূমিকা থেকে সরে এসে মোহাবিষ্টের মতো হাততালি দিতে হয়। পাবলো জাবালেতা তো মেসির জাদুতে আচ্ছন্ন হয়ে এমনই একটা কথা বলে ফেললেন যে, তাতে দলের অন্যদের গায়ে খোঁচাও দিতে পারে, ‘আমরা জানি সে আমাদের আসল খেলোয়াড়। অধিনায়ক, বিশ্বের সেরা খেলোয়াড়। আমাদের সৌভাগ্য ওকে দলে পেয়েছি। আমরা জানি সে দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এই দলটা তো ওর জন্যই খেলছে।’ আর্জেন্টিনার মেসিনির্ভরতা কোথায় চলে গেছে, শেষ বাক্যটা পড়ার পর সেটা বোধ হয় বলে দেওয়া লাগে না!
শেষ ম্যাচে তাও ডি মারিয়া গোল করেছেন, নইলে তো আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান বলতে গেলে মেসিময় হয়েই আছে! এখন পর্যন্ত আর্জেন্টনার ৭টি গোলের ৪টি তাঁর, দুটিতে আছে প্রত্যক্ষ অবদান। টানা চার ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়ে গড়েছেন রেকর্ড। জাবালেতা অবশ্য একদমই বিস্মিত নন, ‘এটা (ম্যান অব দ্য ম্যাচ) ওর কাছ থেকে প্রত্যাশিতই। বিশ্বের সেরা খেলোয়াড় তো প্রতি ম্যাচেই ব্যবধান গড়ে দেবেন। আর সে যখন বিশ্বকাপ উপভোগ করছে, আরও বেশি করে তো বটেই।’ ‘ফাঁস’ করে দিলেন আর্জেন্টিনার খেলোয়াড়ের পরিকল্পনার একটা গুরুত্বপূর্ণ অংশও, ‘যখনই আমরা বল পাই, ওকে পাস দেওয়ার চেষ্টা করি। কারণ আমরা জানি সে-ই গোল করতে পারবে। ও-ই তো দলের সেরা খেলোয়াড়।’
কিন্তু দিন শেষে খেলাটা ফুটবল। আর সেখানে প্রতি ম্যাচেই একজন হাওয়া থেকে জাদু দেখাবেন সেই আশা নিতান্তই দুরাশা। স্পেন কিংবদন্তি রাউল গঞ্জালেজ মনে করিয়ে দিলেন, ‘সুইসরা মেসিকে অনেকক্ষণ ধরেই আটকে রেখেছিল। তার পরও মেসি ঠিকই ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। প্রতি ম্যাচেই কড়া পাহারার মধ্যেও এটা করতে পারাই ওকে অনন্যসাধারণ বানিয়েছে। ম্যারাডোনা ১৯৮৬ বিশ্বকাপে যা করেছিল, মেসি এখন সেটাই করছে। কিন্তু ম্যারাডোনাকে তার সতীর্থেরা যেভাবে সঙ্গ দিয়েছিল, মেসিকেও সেভাবে সমর্থন দিতে হবে।’
আজ বেলজিয়ামের সঙ্গেও কি দেখা যাবে জাদুকর মেসিকেই? বেলজিয়াম উইঙ্গার এডেন হ্যাজার্ডের কথা থেকেই সব বুঝে নিতে পারেন, ‘আমরা শুধু আশা করতে পারি ওর একটা খারাপ দিন যাবে।’ নিজেদের কাজ ঠিকঠাক করেও আশা করা ছাড়া হ্যাজার্ডরা আর কীই-বা করতে পারেন! গোলডটকম, ইএসপিএনসকারনেট।

এই বিশ্বকাপে মেসি
ম্যাচ ৪
মাঠে ছিলেন ৩৬৩ মি.
গোল ৪
গোলে শট ১৫
গোলে সহায়তা ১
সফল পাস ১৫৯
ট্যাকল ৫
মাঠে দৌড়েছেন ৩৩ কিমি