মেসির জাদুতে আর্জেন্টিনার জয়
লিওনেল মেসির জাদু দেখল বাংলাদেশ। গোলের দেখা পাননি, তবে তাঁর জাদুকরী পারফরম্যান্সেই ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুৃষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নাইজেরিয়াকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।খেলার ২৩ মিনিটে মেসির দুর্দান্ত পাস থেকে আর্জেন্টিনাকে প্রথম গোল এনে দেন গঞ্জালো হিগুয়েইন। এর মাত্র তিন মিনিট পর আবারও মেসির ঝলক! নাইজেরিয়ার তিন-তিনজন খেলোয়াড়কে দুর্দান্তভাবে কাটিয়ে গোলে শট নেন। তবে তা গোলরক্ষকের গায়ে লেগে ফিরে এলে গোল করেন অ্যাঙ্গেল ডি মারিয়া।দ্বিতীয়ার্ধের শুরুতেই একটি গোল শোধ করে নাইজেরিয়া। বদলি খেলোয়াড় সিনেদু ওবাচির পা থেকে আসে গোলটি। ৬৫ মিনিটে হিগুয়েইনের পা থেকে দ্বিতীয় গোল এলে আর্জেন্টিনা এগিয়ে যায় ৩-১ ব্যবধানে। এই গোলের নেপথ্যে ছিলেন হিগুয়েইনের রিয়াল সতীর্থ ডি মারিয়া। বাকি সময় বেশ আক্রমণ-পাল্টা আক্রমণের খেলায় দর্শকেরা আনন্দ পেলেও গোল করতে পারেনি কোনো দলই।