মেসির জার্সি এবং মনস্তাত্ত্বিক খেলা
ফুটবল ম্যাচ শেষে এক দলের খেলোয়াড় প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের সঙ্গে জার্সি বিনিময় করেন। আসলে বিনিময় করেন বন্ধুত্ব, মনের ফ্রেমে ধরে রাখেন স্মৃতি। এই বিশ্বকাপে যদিও মাঝ বিরতিতেই দেখা যাচ্ছে জার্সি বিনিময় করার এই দৃশ্য। কিন্তু গত পরশু বেলো হরিজন্তেতে ইরান অধিনায়ক জাভাদ নেকুনাম আরেকটু এগিয়ে থাকলেন। খেলা শুরু হওয়ার কেবলই আগে যখন দুদল সৌজন্য বিনিময় করে পারস্পরিক করমর্দনের মাধ্যমে, নেকুনাম আর্জেন্টিনা অধিনায়কের কাছে চেয়ে বসেন তাঁর জার্সিটা।
মেসির জার্সি কে না চায়! অনেক ফুটবলারের কাছেই মেসির নম্বর ১০ বহু কাঙ্ক্ষিত জার্সি। সেখানে এত কাছে সুযোগ পেয়ে এ রকম আবদার করতেই পারেন কুয়েত এফসির এই মিডফিল্ডার। কিন্তু প্রশ্ন উঠেছে, খেলা শুরুর আগে কেন এই আবদার তিনি করলেন, তা নিয়ে। এটা একটা মনস্তাত্বিক খেলার অংশ ছিল না তো? সেটি যদি সত্যি হয়েই থাকে, তাতে প্রায় সফল হতে চলেছিল নেকুনামের দল ইরান। নির্ধারিত সময়ে আর্জেন্টিনাকে গোলশূন্য রাখতে পেরেছিল তারা। কিন্তু অতিরিক্ত সময়ে মেসির জাদুকরি এক গোলেই হারতে হলো ইরানকে। নেকুনাম মেসির জার্সিটা পরে পেয়েছেন কি না জানা যায়নি, তবে নিশ্চিত করেই তাঁর দেওয়া দুঃখটা পেয়েছেন বুকে! ওয়েবসাইট।