মেসির জুটি হয়ে রোমাঞ্চিত নেইমার
এক সময় লিওনেল মেসির প্রতিদ্বন্দ্বীই ভাবা হচ্ছিল তাঁকে। পরিচয় পাল্টে প্রতিদ্বন্দ্বী থেকে একেবারে বন্ধু, সহযাত্রী হয়ে গেলেন নেইমার। মেসি-নেইমার দুজনে যে এখন একই সুতোয় গাঁথা।গতকাল সোমবার বার্সায় নেইমারের আনুষ্ঠানিক পরিচয়পর্বটা হয়ে গেল। সংবাদ সম্মেলনে ২১ বছর বয়সী ব্রাজিলীয় এই ফরোয়ার্ড জানান, মেসির শ্রেষ্ঠত্ব ধরে রাখার চেষ্টাই করে যাবেন তিনি।নেইমার বলেন, ‘বার্সা ক্লাবের চেয়েও বেশি কিছু। মেসি যেন আরও অনেক বছর শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারে, সে চেষ্টাই করে যাব।’তিনি বলেন, ‘এটা আমার ও পরিবারের জন্য দারুণ দিন। শিশুকাল থেকে যাদের খেলা দেখে শিহরিত হয়েছি, এখন তাদের সঙ্গে খেলার সুযোগ পেয়েছি। ঈশ্বরকে ধন্যবাদ। ব্যালন ডি অ’র জয় বা বিশ্বের সেরা খেলোয়াড় হওয়ার কথা কখনোই ভাবিনি আমি। সেরা খেলোয়াড় এখানেই আছে, আর সে হলো মেসি। এখন আমি তাকে খুব কাছ থেকে দেখতে পারব, তাকে সহায়তা করতে পারব।’বয়সে মেসির চেয়ে পাঁচ বছরের ছোট নেইমার। আগামী মৌসুমেই মেসির সঙ্গে বার্সার আক্রমণভাগে দেখা যাবে বর্তমান সময়ের অন্যতম প্রতিভাবান এই ফুটবলারকে। নেইমার জানিয়েছেন, স্বপ্ন সত্যি হয়েছে তাঁর।বার্তা সংস্থা রয়টার্স জানায়, বর্তমান চুক্তি অনুযায়ী ২০১৮ সালের জুন পর্যন্ত বার্সায় কাটাবেন নেইমার। তাঁকে কী পরিমাণ অর্থ খরচ করে ব্রাজিলীয় ক্লাব সান্তোস থেকে আনা হয়েছে, এত দিন এ নিয়ে নানা গুঞ্জন ছিল। গতকাল ব্যাপারটা স্পষ্ট করলেন বার্সার ভাইস প্রেসিডেন্ট জোসেফ বারতোমিউ। তিনি জানান, নেইমারের ‘ট্রান্সফার ফি’ ৫৭ মিলিয়ন ইউরো। এরই মধ্যে ১০ মিলিয়ন ইউরো অগ্রিম পরিশোধ করা হয়েছে। বাকি অর্থ আগামী তিন বছরে কিস্তির মাধ্যমে শোধ করা হবে।বারতোমিউ জানান, নেইমারকে পেতে ৪০ মিলিয়ন ইউরোর বেশি খরচ করতে রাজি ছিল না বার্সা। কিন্তু রিয়াল মাদ্রিদসহ কয়েকটি ক্লাবের আগ্রহের কারণে মূল্য বাড়াতে হয়েছে।