মেসির জোড়া গোল, বড় জয় বার্সার
লা লিগায় গতকাল রোববার রাতে লেভান্তেকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। বার্সার বড় জয়ের নায়ক লিওনেল মেসি। এ ম্যাচে দুটি গোল করেছেন আর্জেন্টাইন এই সুপারস্টার।লেভান্তের বিপক্ষে মাত্র ১৬ মিনিটের ব্যবধানে চারটি গোলের দেখা পায় বার্সা। প্রথম দুই গোলের দুটিই লিওনেল মেসির। প্রথমটি ৪৭ মিনিটে, অপরটি এর চার মিনিট পর। একটি করে গোল করেছেন আন্দ্রেস ইনিয়েস্তা (৫৭ মিনিট) ও সেস ফ্যাব্রিগাস (৬৩ মিনিট)। তবে এ জয়ে ইনিয়েস্তার অবদানটা আলাদা করে উল্লেখ না করলেই নয়। নিজে তো একটি গোলটি করেছেনই, ম্যাচের বাকি তিন গোলের সব কটিতেই সহায়তা ছিল ইনিয়েস্তার।লেভান্তের বিপক্ষে জয়ের মাধ্যমে রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সার ব্যবধান দাঁড়াল ১১ পয়েন্ট। লিগের শীর্ষে থাকা বার্সার ১৩ ম্যাচে অর্জন ৩৭ পয়েন্ট। সমানসংখ্যক ম্যাচে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের অর্জন ২৬ পয়েন্ট, অবস্থান তৃতীয়। ১৩ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানটা অ্যাটলেটিকো মাদ্রিদের।দলগতভাবে রিয়ালের সঙ্গে ব্যবধান বেড়েছে বার্সার। একই সঙ্গে রিয়ালের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে ব্যবধান বেড়েছে লিওনেল মেসিরও। লেভান্তের বিপক্ষে জোড়া গোলের সুবাদে লিগে ব্যক্তিগত নৈপুণ্যে শীর্ষে থাকা মেসির গোলসংখ্যা এখন ১৯। ১২ গোল নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন রোনালদো। পর্তুগিজ উইঙ্গারের চেয়ে এক গোল কম নিয়ে পরের স্থানটি অ্যাটলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার রাদামেল ফ্যালকাওয়ের।লেভান্তের বিপক্ষে বার্সার মূল একাদশের সবাই ছিলেন একাডেমি দল থেকে উঠে আসা খেলোয়াড়। এ প্রসঙ্গে ম্যাচ শেষে এক সংবাদ সম্মেলনে বার্সা কোচ টিটো ভিলানোভা বলেন, ব্যাপারটা গর্ব করার মতোই। এর চেয়েও বড় কথা হলো, এ দলের সাত-আটজনের বেশি খেলোয়াড় কাতালান।ডিফেন্ডার জেরার্ড পিকে বলেন, ‘নিজেদের ১১ জন খেলোয়াড় একসঙ্গে খেলেছে, এটা বার্সার ভক্তদের জন্য গর্ব করার মতো ব্যাপার। কারণ এটাই প্রমাণ করে, একাডেমি ভালো অবস্থায় আছে এবং আমরা সবাই ভালো করছি।’বার্সার সাবেক কোচ লুইস ফন গাল একবার জানিয়েছিলেন, তাঁর স্বপ্ন হলো এক ম্যাচে বার্সা একাডেমির ১১ খেলোয়াড়কে একসঙ্গে দেখা। ফন গালের সেই স্বপ্ন পূরণ হলো গতকাল রাতে, লেভান্তের বিপক্ষে ম্যাচে। সূত্র: রয়টার্স।