মেসির জোড়া গোলে বার্সেলোনার রেকর্ড জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনার জয় আর মেসির গোল যেন অনেকটাই সমার্থক হয়ে উঠেছে। গতকালও হারকিউলিসের বিপক্ষে জোড়া গোল করেছেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। আর বার্সা পেয়েছে ৩-০ গোলের জয়। অপর গোলটি করেছেন পেদ্রো। গতকালের এই জয়টি দিয়ে রিয়াল মাদ্রিদের বহু পুরাতন একটা রেকর্ড ছুঁয়ে ফেলেছে কাতালানরা। ১৯৬০-৬১ মৌসুমে লা লিগায় টানা ১৫টি ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিল রিয়াল। হারকিউলিসের বিপক্ষে গতকালের এই জয়টাও ছিল বার্সেলোনার ১৫তম জয়।মৌসুমের শুরুতেই বার্সেলোনাকে হারিয়ে হইচই ফেলে দিয়েছিল পুঁচকে হারকিউলিস। গতকাল নিজেদের মাঠে লিগের দ্বিতীয় লেগের ম্যাচে তাই আত্মবিশ্বাসে ভরপুর হয়েই মাঠে নেমেছিল তারা। বার্সাকেও প্রথম গোলটির দেখা পেতে বেশ কাঠখর পোড়াতে হয়েছে। বেশ কিছু গোলের সুযোগ তৈরি করতে পারলেও সেগুলো থেকে গোল পান নি মেসি-ভিয়া-জাভিরা। প্রথমার্ধ শেষ হওয়ার আগ দিয়ে বার্সাকে ভারমুক্ত করেন পেদ্রো। ৪৩ মিনিটের মাথায় জাভির পাস থেকে বল জড়িয়ে দেন হারকিউলিসের জালে।দ্বিতীয়ার্ধে আবারও একই অবস্থা। বারবার আক্রমণ শানিয়েও কাঙ্ক্ষিত ঠিকানায় বলটা পাঠাতে পারছিল না কাতালানরা। ৮৫ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় হারকিউলিস মিডফিল্ডার ফ্রান্সিসকো ফারিনোসকে। শেষ পাঁচ মিনিটে এই ১০ জনের হারকিউলিসের উপর একেবারে ঝাঁপিয়ে পড়েন মেসি। ৮৭ ও ৮৯ মিনিটে করেন দুইটি গোল।গতকালের এই জোড়া গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোনালদোর সঙ্গে ব্যবধানটা অনেকখানি কমিয়ে এনেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। ২১ ম্যাচে মেসির গোলসংখ্যা ২১। অন্যদিকে এক ম্যাচ কম খেলেই ২২ গোল করে শীর্ষস্থানটা ধরে রেখেছেন রোনালদো। রয়টার্স