মেসির জোড়া গোলে হাসল বার্সা

যখন জানবেন, শিরোপার দাবিদার তিন দল এবং এ দৌঁড়ে প্রত্যেকে একে অপরের নিঃশ্বাস দূরুত্বে দাঁড়ানো, তখন প্রতিপক্ষ যত দুর্বলই হোক না কেন, কোনো ম্যাচই হালকাভাবে নেওয়ার সুযোগ থাকে না। তাও আবার মৌসুমের শেষ মুহূর্তে। বার্সেলোনাও নিশ্চয় পয়েন্ট টেবিলের তলানিতে থাকা রিয়াল বেটিসকে হালকাভাবে নেইনি। লিওনেল মেসির জোড়া গোলে ৩-১ ব্যবধানের জয়টাকে বড়ই বলতে হবে। তবে বার্সার রক্ষণভাগের দুর্বলতা একপ্রকার জেরার্ডো মার্টিনোর জন্য চিন্তার বিষয় বৈকি।
১৪ মিনিটে পেনাল্টি বক্সে অ্যালেক্সিস সানচেজকে ফাউল করে বসেন বেটিস ডিফেন্ডার জোর্দি ফিগেরাস। সঙ্গে সঙ্গে পেনাল্টি পায় বার্সা। পেনাল্টি থেকে গোল আদায়ে এতটুকু ভুল হয়নি মেসির। বার্সার জয়ের পেছনে প্রতিপক্ষের ডিফেন্ডার ফিগেরাসের ভূমিকা স্মরণযোগ্য। কারণ ৬৭ মিনিটে আত্মঘাতী গোলে বার্সাকে এগিয়ে দেন ফিগেরাসই।
নিজেদের ভুলের প্রায়শ্চিত্ত করতেই কিনা পরের মিনিটেই গোল করে ব্যবধান কমান বেটিস স্ট্রাইকার রুবেন কাস্ত্রো। মাঝেমধ্যেই বার্সার রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে কাঁপুনি ধরিয়ে দেয় বেটিস। ৬৮ মিনিটে গোল করে সে চেষ্টার ফল পায় কাস্ত্রো।
৮৫ মিনিটে আবারও পেনাল্টি পায় বার্সা। কিন্তু এবার চমক! মেসির নেওয়া শট দারুণভাবে ঠেকিয়ে দেন বেটিস গোলরক্ষক আদান। বল গড়িয়ে সামনের দিকে আসামাত্র মেসি আর ভুল করেননি। সেকেন্ডের ভগ্নাংশে বল জড়িয়ে দেন প্রতিপক্ষের জালে। এক্ষেত্রে মেসিকে কিছুটা ভাগ্যবানও বলতে হবে। কারণ দ্বিতীয় দফায় হাত বাড়িয়েও শেষ রক্ষা করতে পারেননি আদান। লিগে মেসির এটি ২৪তম গোল। চূড়ান্ত স্কোরলাইন বার্সা ৩:১ বেটিস।
ওদিকে জয়ের ধারা অব্যাহত রেখেছে অ্যাটলেটিকো মাদ্রিদও। ঘরের মাঠ ভিসেন্তে ক্যালদেরনে ভিয়ারিয়ালকে ১-০ ব্যবধানে হারিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষ অবস্থান ধরে রেখেছে ডিয়েগো সিমিওনের দল। অ্যাটলেটিকোকে জয়ের উপলক্ষ এনে দিয়েছে রাউল গার্সিয়ার করা ১৪ মিনিটের গোল।
৩২ ম্যাচ খেলে পয়েন্ট টেবিলে শীর্ষ অবস্থান করা অ্যাটলেটিকোর পয়েন্ট ৭৯, সমানসংখ্যক ম্যাচে বার্সার ৭৮। তৃতীয় অবস্থানে থাকা রিয়ালের পয়েন্ট ৭৩। রিয়াল অবশ্য একটি ম্যাচ কম খেলেছে। একটু পরেই সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামবে কার্লো আনচেলত্তির দল। এ ম্যাচে রিয়াল জিতলে লিগের সমীকরণটা আবার একই হয়ে যাবে।