মেসির জ্বর-রহস্য!
জ্বরের কারণে লিওনেল মেসি খেলতে পারবেন না—বুধবার কোপা ডেল রের ম্যাচের ঘণ্টা কয়েক আগে এমন সংবাদই দিয়েছিল বার্তা সংস্থা রয়টার্স। খবরের সূত্র ছিল বার্সেলোনার ওয়েবসাইট। এই খবর শুনে সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা প্রতিপক্ষ ওসাসুনার। অথচ মেসি ঠিকই খেললেন, জোড়া গোলও করলেন। কোচ পেপ গার্দিওলার কাছে জানা গেল, জ্বর নিয়েই খেলেছেন মেসি। একটু সুস্থ বোধ করাতেই তাঁকে নামানো হয় মাঠে।অথচ মেসি নিজে জানিয়েছেন, জ্বর নাকি তাঁর ছিলই না। সামান্য পেটব্যথা ছিল। মেসিকে সাবলীল খেলতে দেখেই হয়তো সন্দেহ হয়ে থাকবে ওসাসুনা কোচ হোসে লুইস মেন্দিলিবার। ম্যাচ শেষে তিনি সংবাদ সম্মেলনে জানান, মেসির জ্বর-টর কিছুই হয়নি, আদতে তাদের বিভ্রান্ত করা হয়েছে, ‘আমি ওকে জিজ্ঞেস করেছিলাম ওর জ্বর হয়েছে কি না। শোনার পর ও তো হাসিতেই ফেটে পড়ল।’ ওয়েবসাইট।মেসিও সাংবাদিকদের জানিয়েছেন, ‘পেটে হালকা ব্যথা অনুভব করছিলাম, এর বেশি কিছু নয়। আসলে আমার জ্বর হয়নি। স্টেডিয়ামে আসার জন্য যথেষ্ট সুস্থ বোধ করায় চলে এসেছি। আমি চেয়েছিলাম দলকে সাহায্য করতে।’ ওদিকে মেসির বার্সা-সতীর্থ সার্জিও বুসকেটস আবার বলছেন, ‘সকালে সে আসলেই সুস্থ বোধ করছিল না।’