মেসির টানা দুই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারিও গোটশে,পিটার ওডেমিউঙ্গি,লিওনেল মেসি
মারিও গোটশে,পিটার ওডেমিউঙ্গি,লিওনেল মেসি

আবারও প্রায় ম্যাচজুড়ে নিজের ছায়া হয়ে থাকা। আবারও জাদুকরি একটি মুহূর্ত। ওই এক মুহূর্তেই ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া, তাতেই ম্যাচের সেরা। টানা দ্বিতীয় গোলে টানা দু-দুবার ম্যান অব দ্য ম্যাচ লিওনেল মেসি।
দুটি গোলে মিলও আছে অনেকটা। তবে বসনিয়ার বিপক্ষে গোলটির চেয়ে খানিকটা এগিয়ে রাখতে হবে পরশুর গোলটিকে। এদিনের শটটি ছিল আরেকটু দূর থেকে, ম্যাচেরও ছিল অন্তিম মুহূর্ত। পুরো ম্যাচে দুর্দান্ত কিপিং করা ইরানিয়ান গোলকিপার আলিরেজা হাজিজি পুরো শরীর শূন্যে ভাসিয়েও নাগাল পাননি বলের। অসাধারণ ওই গোলটি ছাড়া ম্যাচের আর একবারই গোলের কাছাকাছি গিয়েছিলেন মেসি। ক্ষিপ্রগতিতে ছুটে গিয়ে অনেকটা দূর থেকে প্লেস করা শট চলে যায় পোস্টের একটু বাইরে দিয়ে। পুরো ম্যাচের পারফরম্যান্সে বরং সেরা হতে পারতেন সার্জিও রোমেরো। দুর্দান্ত দুটি সেভে বিব্রতকর হওয়া থেকে বাঁচিয়েছেন আর্জেন্টিনাকে। তবে শেষ পর্যন্ত ম্যাচে ব্যবধান গড়ে দিয়েছে তো মেসির গোলটিই। জেমন রদ্রিগেজ ও করিম বেনজেমার পর টানা দুবার ম্যাচসেরা হলেন মেসি।
নাইজেরিয়ার পিটার ওডেমিউঙ্গিও পরশু ‘মেসি।’ বসনিয়ার বিপক্ষে ম্যাচের ৭ মিনিটেই তাঁর দুর্দান্ত এক ফ্রি-কিক অল্পের জন্য চলে যায় বাইরে। পরে তাঁর গোলই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দিয়েছে ম্যাচে। পুরো ম্যাচের পারফরম্যান্সে সেরা হতে পারতেন ইমানুয়েল এমেনিকে। বসনিয়ার ডিফেন্সে পরশু এমেনিকে ছিলেন আতঙ্ক। কিন্তু দলকে জেতানো গোলের কারণেই সেরা ওডেমিউঙ্গি।
জার্মানি-ঘানা ম্যাচে সেরা হতে পারতেন অনেকেই। শেষ পর্যন্ত মারিও গোটশে কেন সেরা হলেন, সেটাও ধন্দে ফেলে দিতে পারে অনেককে। ম্যাচের প্রথম গোলটি করেছিলেন বটে, কিন্তু এরপর ওই ম্যাচ এত নাটকীয়তা ছড়িয়েছে যে ওই গোল প্রায় হারিয়েই গিয়েছিল! সতীর্থ টনি ক্রুস খেলেছেন দুর্দান্ত, বলে প্রথম পা ছুঁইয়েই দলকে সমতায় ফিরিয়েছেন মিরোস্লাভ ক্লোসা। সেরা হতে পারতেন ঘানার আন্দ্রে আইয়ু কিংবা আসামোয়া জিয়ানও। তবে প্রথম ম্যাচের চেয়ে ইদানীং অনেকটা ভালো খেলেছেন গোটশে। প্রথম বিশ্বকাপ গোল আর প্রথম সেরার পুরস্কার নিশ্চিতভাবেই হবে আরও জ্বলে ওঠার প্রেরণা।