মেসির দলে রোনালদোও
বদনামটা ছিল থিয়েরি অঁরির—যতটা না ফ্রান্সের, তার চেয়ে বেশি আর্সেনালের। এখন এই তকমা বয়ে বেড়াচ্ছেন আর্জেন্টিনার লিওনেল মেসি। কারণে-অকারণে মানুষ বলে কথাটা—মেসি বার্সেলোনার হয়ে যতটা উজ্জ্বল, আর্জেন্টিনার হয়ে ততটা নন। কেউ কেউ আরেক ধাপ এগিয়ে বলেন, আর্জেন্টিনার বিশ্বকাপ জিততে হলে মেসিকে দেখা দিতে হবে বার্সেলোনার রূপে। এমন কথা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গেও যায়। তিনিও ক্লাবের হয়ে যেমন খেলেন, পর্তুগালের হয়ে তার ধারে-কাছেও যেতে পারেন না। পর্তুগালকে ভালোর জন্য রোনালদোকে পর্তুগালের জার্সি গায়েও খেলতে হবে ম্যানচেস্টার ইউনাইটেড বা রিয়াল মাদ্রিদের রোনালদোর খেলা।বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় বিশ্বকাপ বাছাইপর্বে পর্তুগালের সমর্থকদের হতাশই করেছেন। বাছাইপর্বে রীতিমতো ধুঁকেছে পর্তুগাল। শেষে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে প্লে-অফ জিতে ঠাঁই হয়েছে মূল মঞ্চে। ট্রান্সফার রেকর্ড গড়ে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে নাম লেখানো রোনালদো ধুঁকতে থাকা পর্তুগালকে সাহায্য করতে পারেননি। ধুঁকেছেন আসলে তিনিও। রিয়াল মাদ্রিদে একের পর এক গোল করা রোনালদো বিশ্বকাপ বাছাইপর্বে কোনো গোলই করতে পারেননি।বিশ্বকাপ দুয়ারে এসে দাঁড়িয়েছে। পর্তুগিজরা বিষয়টি নিয়ে চিন্তিত—বিশ্বকাপে কি দেখা মিলবে আসল রোনালদোর? মূল মঞ্চে গোল পাবেন সাবেক ফিফা বর্ষসেরা ফুটবলার? ‘এটা কোনো সমস্যা নয়’—বলেছেন রোনালদো। রোনালদো যতই বলুন এটা সমস্যা নয়, তাতে কি আর চিন্তা দূর হয়! এবারের বিশ্বকাপে পর্তুগাল যে পড়েছে ‘গ্রুপ অব ডেথ’-এ। ব্রাজিল, আইভরিকোস্ট ও উত্তর কোরিয়ার গ্রুপে পড়েছে ইউরোপের ব্রাজিলখ্যাত পর্তুগাল।এবারও বিশ্বকাপের অন্যতম ফেবারিট পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। নাম আর সাফল্যের ওজন তো আছেই, পরিসংখ্যানেও আসল রোনালদোর দেশের চেয়ে সহস্র যোজন পিছিয়ে ‘ছোট’ রোনালদোর দেশ। এ পর্যন্ত ১৬ বার সাক্ষাত্ হয়েছে দুই দলের। ১২ ম্যাচেই জিতেছে ব্রাজিল। সর্বশেষ মুখোমুখি হওয়া প্রীতি ম্যাচে ২-৬ গোলে হেরেছে পর্তুগাল। তবে বিশ্বকাপের পরিসংখ্যানে পর্তুগালের সাফল্য শতভাগ। একবারই দেখা হয়েছে দুই দলের। ১৯৬৬ সালের বিশ্বকাপের সেই ম্যাচে ব্রাজিলকে ৩-১ গোলে হারিয়েছিল পর্তুগাল।১৯৬৬-এর সেই বিশ্বকাপে আরও একটি কীর্তি আছে পর্তুগালের। এবারের গ্রুপ প্রতিপক্ষ উত্তর কোরিয়ার কাছে ০-৩ গোলে পিছিয়ে পড়েও ৪-৩ ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছিল পর্তুগাল। বিশ্বকাপের সেরা ফিরে আসার একটি উদাহরণ এটি। রোনালদো জানেন ভালো কিছু করতে হলে এভাবেই পর্তুগাল দলে ফিরে আসতে হবে তাঁকে নিজের সেরা ফর্ম নিয়ে। রোনালদোর বিশ্বাস, তিনি পারবেন। ওয়েবসাইট।