মেসির দাওয়াই আছে হিজফেল্ডের কাছে

এবারের বিশ্বকাপে নিজেকে উজাড় করেই দিচ্ছেন লিওনেল মেসি। এখনো পর্যন্ত প্রতিটি ম্যাচেই গোল পেয়েছেন। গোলগুলোয় হয়েছেন অনিন্দ্যসুন্দর। নিজেকে অন্যগ্রহের ফুটবলার হিসেবে প্রমাণ করার মতোই। আজ দ্বিতীয় পর্বের ম্যাচেও যদি সেই একই মেসিকে খুঁজে পাওয়া যায়, সেটা প্রতিপক্ষ সুইজারল্যান্ডের জন্য ভয়ংকর হয়ে উঠতে পারে। সে কারণেই আর্জেন্টিনার প্রাণভোমরাকে যেকোনো মূল্যে আটকানোর ব্যাপারে মরিয়া সুইস কোচ ওটমার হিজফেল্ড। ছক তো কষছেনই, সেই ব্যাপারে নিজের প্রতিজ্ঞার কথাও জানিয়ে রেখেছেন।
এ ব্যাপারে হিজফেল্ড যেন অনেকটা আত্মবিশ্বাসীও, ‘মেসিকে কীভাবে আটকানো যায়, সেটা কাল (পড়ুন আজ) আপনারা সবাই দেখবেন। কীভাবে এগিয়ে যেতে হবে, কীভাবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে হবে, সে ব্যাপারে যথেষ্ট ভেবেছি। সবার সঙ্গে আলোচনাও করেছি। আমি মোটেও মনে করি না যে এটাই আমাদের শেষ ম্যাচ।’
মেসির প্রতি অগাধ সম্মান তাঁর। তিনি জানেন, এই মেসি যদি স্বরূপে থাকেন, তাহলে তাঁর দলের সমূহ বিপদ। একাই হয়তো কাঁপিয়ে দেবেন সুইস রক্ষণ। হিজফেল্ড অনেক ভেবে-চিন্তেই বের করেছেন মেসিকে ঠেকানোর কৌশল। এটাকে ‘মেসি-দাওয়াই’ হিসেবেও অভিহিত করেছেন তিনি। এ ব্যাপারে দলের রক্ষণশক্তির ওপর পূর্ণ আস্থা আছে তাঁর, ‘মেসিকে ঠেকাতে দলের রক্ষণভাগের খেলোয়াড়দের মূল ভূমিকায় নামতে হবে। এ ব্যাপারে তাদের প্রতি আছে আমার পূর্ণ আস্থা। আমি কিন্তু ভীষণ আশাবাদী।’ এএফপি।