মেসির দাবি কথা রাখেননি পেলে!
পেলেই যে সর্বকালের সেরা এটা নাকি লিওনেল মেসি মানেন না। কারণ? পেলের খেলাই তো দেখেননি! এই কথা শোনার পর পেলে বলেছিলেন, তাঁকে চেনাতে মেসির কাছে পাঠিয়ে দেবেন তাঁকে নিয়ে বানানো প্রামাণ্যচিত্রের ডিভিডি। এবার পেলের সেই কথার জবাব এল মেসির তরফ থেকে। আর্জেন্টিনার খুদে জাদুকর বলছেন, কই, পেলে তাঁর কথামতো ডিভিডি তো পাঠালেন না এখনো!‘পেলের খেলা আমি দেখতে চাই। কিন্তু এখনো তিনি তাঁর গোলের ডিভিডি আমাকে পাঠাননি। সবাই বলে তিনি নাকি অসাধারণ এক খেলোয়াড় ছিলেন। কিন্তু যতক্ষণ না আমি নিজে তাঁর খেলা দেখছি, এ ব্যাপারে আমি আমার রায় দেব না’—বলেছেন সদ্যই বার্সেলোনার হয়ে ২০০তম গোল করা মেসি।মেসির এই বক্তব্যে পেলের সঙ্গে তাঁর কথার মল্লযুদ্ধে নেমে পড়ার ইঙ্গিত মেলে। যে লড়াইটা আসলে কিছু সাংবাদিক শুরু করে দিয়েছিলেন, মেসিকে এই ২৪ বছর বয়সেই সর্বকালের সেরা বানিয়ে দিয়ে। তবে মেসি এখনো বলছেন, সর্বকালের সেরাটেরা হওয়া তাঁর মাথাতেই নেই, ‘এ ধরনের তুলনায় আমি মোটেও উৎসাহী নই। আমি বিশ্বসেরা হওয়ার জন্য ফুটবল খেলি না। আমি খেলি দলের ভালোর জন্য। আমি দলকে শিরোপা এনে দিতেই বেশি আগ্রহী।’তবে কি মেসি চান না সর্বকালের সেরাদের খাতায় তাঁর নাম উঠুক। মেসির উত্তর, ‘যখন বুটজোড়া তুলে রাখব, আমি চাই, সবাই যেন আমাকে ভালো একজন খেলোয়াড় হিসেবে মনে রাখে। তবে আমিই সেরা কিনা, এ নিয়ে মোটেও বিচলিত নই। শুধু নিজের জেতা ব্যক্তিগত ট্রফির জন্য নয়, আমি স্মরণীয় হয়ে থাকতে চাই দলের হয়ে জেতা ট্রফিগুলোর জন্যও।’ ওয়েবসাইট।