মেসির দামও হাজার কোটি টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিওনেল মেসি
লিওনেল মেসি

১০০ মিলিয়ন ইউরো খরচ করে গ্যারেথ বেলকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। ওয়েলসের এই উইঙ্গার সত্যিই এর যোগ্য কি না, সেই প্রশ্ন তুলেছেন অনেকেই। দলবদলের মৌসুমে একজন খেলোয়াড়ের পেছনে এত টাকা খরচ করা যৌক্তিক কি না, এমন সংশয়ও আছে অনেকের। তবে এই পরিমাণ অর্থের যোগ্য সত্যিই কেউ যদি থাকেন, তাহলে সেটা লিওনেল মেসি। এমনটাই মনে করেন স্পেন ও বার্সেলোনার সাবেক ফুটবলার হুয়ান আন্তোনিও পিজ্জি। মেসির ফুটবল-দক্ষতায় রীতিমতো মুগ্ধ পিজ্জি। ২৬ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা খেলোয়াড়ের মর্যাদা দিয়েছেন স্পেনের সাবেক এই স্ট্রাইকার। সম্প্রতি এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘মেসিই ১০০ মিলিয়ন ইউরোর যোগ্য। তার পরিসংখ্যানগুলো অতিক্রম করা কঠিন। আমার মনে হয়, তার গড়া রেকর্ডগুলো স্বল্প বা দীর্ঘ মেয়াদে কারও পক্ষেই ভাঙা সম্ভব হবে না। সর্বকালের সেরা না হলেও মেসি নিঃসন্দেহেই সর্বকালের সেরা ফুটবলারদের একজন।’

১৯৯৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত বার্সেলোনার জার্সি গায়ে সফল একটা সময় কাটিয়েছিলেন পিজ্জি। জিতেছিলেন একটি লা লিগা ও দুটি কোপা ডেল রে শিরোপা। আর্জেন্টিনায় জন্ম হলেও ১৯৯৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত খেলেছিলেন স্পেনের হয়ে।