মেসির ধার কমেছে, বলছেন মার্টিনো!

অ্যালেক্স ফার্গুসনের সঙ্গে কোনোমতেই তুলনা চলে না তাঁর। তবে একটা জায়গায় জেরার্ডো মার্টিনো ফার্গির সুরেই কথা বললেন। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে মৌসুমের প্রথম এল ক্লাসিকো জেতার পরও বার্সেলোনা কোচ যেন পুরো তৃপ্ত নন। শিষ্যদের প্রশংসা করতে হাতে টিপে খরচ করছেন। শুধু তা-ই নয়, এই ম্যাচে দলের মূল তারকা লিওনেল মেসির খেলা যে মনে ধরেনি, সেটাও সাফ জানিয়ে দিয়েছেন টাটা। এমনকি গোল করে-করিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় হওয়া নেইমারের প্রশংসা করতেও যেন কার্পণ্য তাঁর!
ম্যাচ শেষে মার্টিনো বলেছেন, বার্সেলোনা ও মেসি উভয়েরই পারফরম্যান্স ছিল নিম্নমুখী, ‘আমরা শুরুতে ভালোই খেলছিলাম। কিন্তু এর পরই পিছিয়ে পড়তে শুরু করি। মেসির ক্ষেত্রেও এই কথা সত্যি। অবশ্য ও কঠোর পরিশ্রম করছে। আমি ওর পারফরম্যান্সও যথেষ্ট মূল্যায়ন করি।’
চোট থেকে ফেরার পর মেসি এখনো পুরো ছন্দে যে ফেরেননি, সেটা তাঁকে দেখেই বোঝা গেছে। তবে মার্টিনো আশাবাদী, শিগগিরই পুরো ছন্দে ফিরে আসবেন এই মৌসুমে ক্লাবের হয়ে ১২ ম্যাচে ১২ গোল করা দলের এই প্রাণভোমরা।
মেসি নিজের মতো খেলতে না পারলেও বার্সার জয় পেতে কোনো সমস্যা হয়নি। বার্সার নতুন নায়ক হিসেবে আবির্ভূত হয়েছেন নেইমার। একটি গোল করেছেন, আরেকটি গোলে অবদান রেখেছেন দুর্দান্ত এক থ্রু পাস দিয়ে। তবে তার পরও নেইমারকে নিয়ে উচ্ছ্বসিত নন মার্টিনো, ‘নেইমার দুর্দান্ত খেলেছে বটে, তবে আমি ওকে এর চেয়েও ভালো খেলতে দেখেছি। ক্লাসিকোতে ওর গোলটা অনেক গুরুত্বপূর্ণ, তবে আমি ওর কাছ থেকে এর চেয়ে ভালো খেলা দেখেছি।’
মার্টিনো বার্সায় আসার পর সবচেয়ে লাভবান হয়েছেন নিঃসন্দেহে অ্যালেক্সিস সানচেজ। ইতালিয়ান লিগে আলো ছড়ানো সানচেজ বার্সায় এসে যেন খেই হারিয়ে ফেলেছিলেন। সেই সানচেজ ধীরে ধীরে নিজেকে মেলে ধরতে শুরু করেছেন। মার্টিনোও মনে করেন, সানচেজের সঙ্গে এর আগে অন্যায়ই হয়েছে, ‘গত মৌসুমের শেষ থেকেই ও ভালো খেলছে। সমর্থকদের সেটার প্রাপ্য বাহবা দেওয়া উচিত।’
বার্সার হয়ে ১৪ ম্যাচে দায়িত্ব পালন করে এখনো হারেননি। প্রথম এল ক্লাসিকোই পেলেন জয়। তার পরও খুশি নন মার্টিনো? আর্জেন্টাইন কোচের উত্তর, ‘যদি আমরা আজ একটা ট্রফি জিততাম, আমি অবশ্যই উত্সব করতাম। কিন্তু আমরা কেবল একটা ম্যাচই মাত্র জিতেছি।’
ওদিকে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি দুষছেন ভাগ্যকে। রিয়াল একটি পেনাল্টি পায়নি বলে দাবি তাঁর। তা ছাড়া করিম বেনজেমার একটি শটও বারে লেগে ফিরে এসেছে। আনচেলত্তি বলছেন, পুরো ম্যাচে বার্সার চেয়ে রিয়ালই বেশি গোলের সুযোগ তৈরি করেছিল, ‘দ্বিতীয়ার্ধ তো দুর্দান্ত ছিল। আমরা বেশি চাপ তৈরি করেছি, ভালো খেলেছি। ম্যাচটা নিয়ন্ত্রণ করেছি। পরিষ্কার পেনাল্টি ছিল, রেফারি ছাড়া বাকি সবাই তা দেখেছে।’
এখনই সব শেষ হয়ে যায়নি বলেও ভক্তদের ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন রিয়াল কোচ। লিগে মাত্রই ১০টি ম্যাচ হলো। আর ২৮টি ম্যাচই বাকি। গ্যারেথ বেলকে কিনে হাজার কোটি টাকা গচ্চা গেল কি না—সমর্থকদের এমন ভাবনার সঙ্গেও একমত নন তিনি।