মেসির ধারেকাছেও কেউ নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় ছিলেন রিয়াল মাদ্রিদের স্পোর্টিং ডিরেক্টর। হোসে মরিনহোর সঙ্গে মতবিরোধের জের ধরে রিয়াল ছেড়ে গেছেন গত বছর। সাবেক আর্জেন্টাইন খেলোয়াড় জর্জ ভালদানো অনেক দিন পর আবার আলোচনায়। ক্রিস্টিয়ানো রোনালদো নন, মেসিকেই সেরা বলছেন তিনি।রিয়ালে থাকার সময় নিজের স্বদেশি খেলোয়াড়ের প্রতি যদি কোনো পক্ষপাত থেকেও থাকে, সেটার আভাস কখনো দেননি। বার্নাব্যুতে দাপিয়ে বেড়িয়েছেন বেশ কটা বছর। কিন্তু মরিনহো আসার পর থেকেই দুজনের মধ্যে শুরু হয় ব্যক্তিত্বের সংঘাত। রিয়াল থেকে বিদায়টা ওই সংঘাতেরই পরিণতি। এবার মেসিকে তো বটেই, চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকেও অকুণ্ঠ প্রশংসায় ভরিয়ে দিলেন। মেসিকেই সবার ওপরে মনে করেন তিনি, ‘আমাকে জিজ্ঞেস করলে আমি বলব, বাকিদের চেয়ে মেসি আলাদা। তাঁর কাছাকাছি মানের খেলোয়াড়ই কেউ নেই।’এল হেরাল্ডোকে বলেছেন, স্পেন ও বার্সেলোনা ইউরোপিয়ান ফুটবলেরই নতুন মানদণ্ড, ‘বার্সেলোনা ও স্পেন দল এখন ইউরোপিয়ান ফুটবলেরই মানদণ্ড। বল ধরে রাখার কারণেই তারা দারুণ খেলে।’ বার্সার অনেক সাফল্যের নেপথ্য কারিগর পেপ গার্দিওলার প্রশংসা করতেও ভোলেননি ম্যারাডোনার বিশ্বকাপজয়ী দলের সদস্য, ‘বার্সা পেপ গার্দিওলার মতো একজন দারুণ উদ্ভাবনী কোচ পেয়েছিল।’ গেটাফের সঙ্গে সর্বশেষ লিগ ম্যাচেও দুই গোল করে ২০১২ সালে মেসি নিজের গোলসংখ্যা নিয়ে গেছেন ৬১-তে, চারটি ম্যাচই জিতে বার্সেলোনাও সবার ওপরে। এদিকে চার ম্যাচ থেকে ৪ পয়েন্ট পাওয়া রিয়াল হারিয়ে খুঁজছে নিজেদের, রোনালদোকেও মনে হচ্ছে নিজের ছায়া। ওয়েবসাইট।